বার বার পানি পান করেও শরীরে পানিশূন্যতা হতে পারে

গরম হোক বা বর্ষা, আমরা প্রায়ই ভাবি পর্যাপ্ত পানি পান করলেই শরীর সম্পূর্ণ হাইড্রেটেড থাকে। কিন্তু যদি তিন লিটার পানি খেয়েও ক্লান্তি, বারবার গলা শুকিয়ে যাওয়া, মুখের ভিতরে শুষ্ক ভাব, মাথা যন্ত্রণা এসব সমস্যা সমাধান না হয় তাহলে বুঝতে হবে সমস্যা শুধু পানির অভাব নয়। এর পেছনে থাকতে পারে ইলেক্ট্রোলাইট ঘাটতি।

শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে ইলেক্ট্রোলাইট প্রয়োজন
ইলেক্ট্রোলাইট হলো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম-এর মতো খনিজ লবণ। এসব লবণ শরীরের কোষে পানি পৌঁছাতে সাহায্য করে। খনিজের ঘাটতি হলে পর্যাপ্ত পানি খাওয়ার পরও শরীরের কোষগুলোতেও পানি পৌঁছাতে পারবে না। ফলস্বরূপ, পেশিতে টান, ব্যথা, গলা শুকিয়ে যাওয়া ও মুখের শুষ্কতা দেখা দেয়।

শরীরের ইলেক্ট্রোলাইট সঠিক না থাকলে চারটি গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়:

১. শরীরের তরল পদার্থের ভারসাম্য বজায় রাখা

২. রক্তচাপ নিয়ন্ত্রণ করা

৩. পেশি সঙ্কোচন ও প্রসারণ ঠিক রাখা

৪. রক্তের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় রাখা

আরও কারণ থাকতে পারে ডিহাইড্রেশনের

অতিরিক্ত কফি বা অ্যালকোহল পান, টাইপ ২ ডায়াবিটিস, কিডনির সমস্যা, স্ট্রেংথ ট্রেনিং করলেও শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে শুধু পানি খাওয়াই যথেষ্ট নয়।

ইলেক্ট্রোলাইট পুনরায় পূরণ করার সহজ উপায়

আপনি ঘরে বসেই সহজে ইলেক্ট্রোলাইট পানীয় তৈরি করতে পারেন:

  • পদ্ধতি ১: এক গ্লাস পানিতে ২ চামচ চিনি ও এক চিমটে লবণ মিশিয়ে পান করুন।

  • পদ্ধতি ২: মুসাম্বি লেবুর রস, পাতিলেবুর রস, ডাবের পানি এবং ঠান্ডা পানি পরিমাণমতো মিশিয়ে পান করুন।

  • পদ্ধতি ৩: দুই কাপ পানিতে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, এক চামচ লেবুর রস, এক চামচ মধু ও এক চিমটে লবণ মিশিয়ে পান করুন।

ডায়াবিটিস থাকলে চিনি বাদ দিয়ে লেবুর রস ব্যবহার করা উচিত।

পরামর্শ: শুধু বেশি পানি পান নয়, শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখাও জরুরি। এতে ক্লান্তি কমবে, পেশি টান থাকবে না, গলা ও মুখ শুষ্ক হবে না এবং সারাদিন সতেজ বোধ করবেন।