বাথরুমে মোবাইল ফোন ব্যবহার অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কয়েকটি মেসেজের উত্তর দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ বোলাতে গিয়ে অনেকে দীর্ঘ সময় বসে থাকেন। কিন্তু এই অভ্যাস অর্শসহ নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।
অর্শ কী?
অর্শ হলো এমন একটি সমস্যা, যেখানে পায়ুদ্বারের চারপাশের শিরা ফুলে যায়। এতে মলত্যাগের সময় তীব্র ব্যথা হয় এবং কখনও কখনও রক্তপাতও হতে পারে। কোষ্ঠকাঠিন্য, ফাইবারের অভাব, গর্ভাবস্থা ও স্থূলতার কারণে অর্শ হতে পারে।
মোবাইলের সঙ্গে যোগসূত্র
বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করার ফলে প্রয়োজনের চেয়ে বেশি সময় কমোডে বসে থাকা হয়। এই ভঙ্গি পায়ুদ্বার ও নিতম্বের শিরার উপর চাপ সৃষ্টি করে, যা অর্শের ঝুঁকি বহুগুণ বাড়ায়। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ সময় কমোডে বসে থাকার জন্য মানবদেহের স্বাভাবিক গঠন উপযোগী নয়।
সমস্যা আরও বাড়াতে পারে
বাথরুমে মোবাইলের কারণে মলত্যাগের স্বাভাবিক চাপ নষ্ট হয়। এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, পেটে জীবাণুর ভারসাম্য বিঘ্নিত হয় এবং অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যাও তৈরি হয়।
সতর্ক থাকুন
- বাথরুমে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন।
- মলত্যাগের সময় ব্যথা বা রক্তপাত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার ও পানি রাখুন।
- দীর্ঘ সময় কমোডে না বসে দ্রুত সেরে আসুন।
চিকিৎসকদের মতে, বাথরুমে মোবাইল ব্যবহার শুধু অর্শ নয়, বরং আরও জটিল সমস্যার কারণ হতে পারে। তাই অভ্যাস পরিবর্তনই হতে পারে এসব রোগ প্রতিরোধের প্রথম ধাপ।