গত এক দশকে বজ্রপাতে মারা গেছেন সাড়ে তিন হাজারেরও দেশি মানুষ। গ্রাম বা শহর বলে কথা নয়, বজ্রপাতে প্রচুর মানুষের প্রাণহানি ঘটছে সব জায়গাতেই। খোলা মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। অনেকেই মনে করেন, উঁচু ভবনের ভেতরে থাকলে হয়তো বজ্রপাতের ভয় নেই। কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বর্তমানে শহরেও একটি বড় ঝুঁকির কারণ হয়ে উঠেছে এই বজ্রপাত।
অট্টালিকায় থাকলে যা করবেন
বজ্রপাত শুরু হলে উঁচু ভবনের ভেতরেও কিছু সতর্কতা মেনে চলা জরুরি। বজ্রপাতের সময় জানালা বা বারান্দার কাছে না যাওয়াই ভালো, কারণ বাতাসের সঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে।
ধাতব বস্তু যেমন রেলিং, দরজার গ্রিল, পাইপ বা লিফটের কোনো অংশ স্পর্শ করা উচিত নয়, কারণ এগুলো বিদ্যুৎ পরিবাহক। এ সময় টিভি, ফ্রিজ, কম্পিউটার বা এসির মতো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করাই নিরাপদ। হঠাৎ বিদ্যুৎ প্রবাহের তারতম্যে এসব যন্ত্র নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে।
বাইরে থাকলে দ্রুত করণীয়
যদি বাইরে থাকাকালে হঠাৎ বজ্রপাত শুরু হয়, তাহলে দ্রুত কোনো পাকা ভবনের ভেতরে আশ্রয় নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা বা চলাফেরা করা অত্যন্ত বিপজ্জনক।
উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট বা বিলবোর্ডের নিচে আশ্রয় নেওয়া যাবে না, কারণ এগুলো বজ্রপাত আকর্ষণ করতে পারে। ছাতা ব্যবহার করলেও সেটি উঁচু করে ধরা উচিত নয়, বিশেষ করে যদি তাতে ধাতব অংশ থাকে। এছাড়া ভেজা রাস্তা বা জলাবদ্ধ স্থানে দাঁড়ানো থেকেও বিরত থাকতে হবে, কারণ পানি বিদ্যুৎ পরিবাহিতার ঝুঁকি বাড়ায়।
বৈদ্যুতিক সংযোগ থেকে ডিভাইসগুলোকে দূরে রাখা
বজ্রপাত শুরু হলে মোবাইল ফোন চার্জার থেকে খুলে রাখা ভালো। ল্যাপটপ, টিভি বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রও প্লাগ থেকে বিচ্ছিন্ন রাখা নিরাপদ। হেডফোন ব্যবহার এড়িয়ে চলাই ভালো, কারণ তারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের সম্ভাবনা থাকতে পারে।
ঘরের ভেতরে নিরাপদ থাকার কৌশল
ঘরের ভেতরে থাকলেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। জানালা ভালোভাবে বন্ধ রাখতে হবে, যাতে বাইরে থেকে কোনো প্রভাব ভেতরে না আসে। ধাতব বস্তু যেমন দরজার হ্যান্ডেল বা পানির পাইপ স্পর্শ না করাই নিরাপদ।
সম্ভব হলে ঘরের মাঝামাঝি স্থানে অবস্থান করা উচিত এবং দেয়াল বা জানালার একেবারে পাশে না বসাই ভালো। বজ্রপাতের সময় বিদ্যুৎ চলে গেলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে। প্রয়োজনে মোবাইলের টর্চ বা বিকল্প আলো ব্যবহার করা যেতে পারে।