নিজের অজান্তেই কি গোপন কথা বলে ফেলছেন!

মনের ভেতর কোনো গোপন তথ্য চেপে রাখা মস্তিষ্কের জন্য এক বিশাল বোঝা এবং এটি প্রকাশ না করা পর্যন্ত অনেকেরই মানসিক শান্তি আসে না।

গোপন কথা গোপন রাখাকে আমরা চারিত্রিক দৃঢ়তা মনে করলেও বিজ্ঞানের দৃষ্টিতে এটি মস্তিষ্কের এক কঠিন যুদ্ধ। গবেষকদের মতে, গোপন কথা চেপে রাখা শুধু একটি সাধারণ অভ্যাস নয়, এটি মানসিক চাপও তৈরি করে। মনে এক ধরনের অদৃশ্য বোঝা তৈরি হয়। যা ধীরে ধীরে অস্বস্তি বাড়ায়। তখন অনেকেই মনে করেন, কথা বলে ফেললেই হালকা লাগবে। 

গোপন কথা চেপে রাখতে না পারার পেছনে কাজ করে যে বিজ্ঞান

মনোবিজ্ঞানীদের মতে, যখন আমরা কোনো কথা গোপন রাখি, তখন আমাদের মস্তিষ্কের ‘অ্যান্টিরিয়র সিনগুলেটেড কর্টেক্স’ (Anterior Cingulate Cortex) সক্রিয় হয়ে ওঠে। এটি আমাদের আবেগের সাথে যুক্ত। এই অংশটি সবসময় সত্য প্রকাশের তাগিদ দেয়। অন্যদিকে, মস্তিষ্কের ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’ সত্য গোপন রাখতে চাপ সৃষ্টি করে। এই দুইয়ের দ্বন্দ্বে অনেক সময় আবেগের জয় হয় এবং গোপন কথাটি মুখ দিয়ে বেরিয়ে যায়। আড্ডায় গোপন কথা ফাঁস হওয়ার প্রবণতাকে সমাজবিজ্ঞানে ‘ইমোশনাল ক্যাথারসিস’ বলা হয়, যেখানে মানুষ নিজের মনের ভার নামাতে আবেগপ্রবণ হয়ে গোপন তথ্য শেয়ার করে ফেলে।

কেন মানুষ গোপন কথা বলে দেয়?

গবেষণায় গোপন কথা ফাঁস হওয়ার পেছনে মূলত তিনটি প্রধান কারণ উঠে এসেছে:

মানসিক চাপ থেকে মুক্তি: গোপন কথা চেপে রাখা মস্তিষ্কের ওপর অতিরিক্ত ‘কগনিটিভ লোড’ তৈরি করে। কথাটি কাউকে বলে দিলে সেই চাপের দ্রুত অবসান ঘটে এবং ব্যক্তি স্বস্তি বোধ করে।

সম্পর্ক গভীর করার আকাঙ্ক্ষা: অন্যের সাথে গোপন কোনো তথ্য শেয়ার করাকে মনস্তাত্ত্বিকভাবে ঘনিষ্ঠতা তৈরির মাধ্যম হিসেবে দেখা হয়। মানুষ বিশ্বাস অর্জন করতে বা কাউকে আপন করে নিতেই অধিকাংশ সময় গোপন কথা শেয়ার করে ফেলে।

মনোযোগ আকর্ষণ: অনেক সময় অন্যকে অবাক করতে বা আড্ডার কেন্দ্রবিন্দুতে থাকতে মানুষ গোপন তথ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

গোপন কথা চেপে রাখার নেতিবাচক প্রভাব

কলাম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, যারা সারাক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখেন, তারা অন্যদের তুলনায় দ্রুত বিষণ্ণতা এবং একাকীত্বে ভোগেন। গোপন কথাটি নিয়ে সবসময় দুশ্চিন্তা করার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং কর্মক্ষমতা কমে যেতে পারে।

বিশেষজ্ঞের পরামর্শ 

যদি কোনো গোপন তথ্য আপনার জন্য অসহ্য হয়ে ওঠে এবং তা কাউকে বলা সম্ভব না হয়, তবে মনোবিজ্ঞানীরা তা ডায়েরিতে লিখে ফেলার পরামর্শ দেন। এতে মস্তিষ্কের ওপর থেকে তথ্যের ভার অনেকটা হালকা হয়। এছাড়া কোনো বিশ্বস্ত মানুষ বা বিশেষজ্ঞের সাথে কথা বলাও ইতিবাচক হতে পারে।