প্রেমের সম্পর্কে ‘রেড ফ্ল্যাগ’ মানেই আমরা বুঝি বড় কোনো বিপদের সংকেত। আর ‘গ্রিন ফ্ল্যাগ’ মানে হলো সব ঠিকঠাক। কিন্তু এই দুইয়ের মাঝে মানুষের এমন কিছু বিচিত্র স্বভাব থাকে যা বিপদজনকও না, আবার খুব আহামরি ভালো কিছুও না। ইন্টারনেটের ভাষায় একেই বলা হচ্ছে ‘বেইজ ফ্ল্যাগ’ (Beige Flag)। আপনার পাশের মানুষটির এমন কিছু অদ্ভুত স্বভাব, যা দেখলে আপনার রাগ হয় না ঠিকই, কিন্তু আপনি অবাক হয়ে ভাবেন - ‘মানুষটা এমন কেন!’
বেইজ ফ্ল্যাগ আসলে কী?
সহজ কথায়, বেইজ ফ্ল্যাগ হলো মানুষের এমন কিছু অদ্ভুত স্বভাব যা ক্ষতিকর নয়, কিন্তু বেশ বিচিত্র। টিকটক থেকে শুরু হওয়া এই ট্রেন্ডটি এখন ফেসবুক-ইনস্টাগ্রামে তুঙ্গে। রেড ফ্ল্যাগ যেমন আপনাকে সম্পর্ক থেকে দূরে যাওয়ার সংকেত দেয়, বেইজ ফ্ল্যাগ তেমন কিছু নয়। এটি মূলত একজন মানুষের ব্যক্তিত্বের সেই অংশ যা তাকে অন্যদের চেয়ে আলাদা বা কিছুটা ‘উদ্ভট’ হিসেবে পরিচিত করে।
আপনার সঙ্গীর সাথে এই দিকগুলো মিলে যায় কি
আমাদের প্রতিদিনের জীবনে এই বেইজ ফ্ল্যাগগুলো ছড়িয়ে আছে নানাভাবে। আপনার সঙ্গীর মাঝে কি নিচের এই লক্ষণগুলো আছে-
রিকশায় ‘গুগল ম্যাপ’: যে রাস্তায় সে দশ বছর ধরে যাতায়াত করছে, সেখানেও রিকশায় উঠে সে গুগল ম্যাপ চালু করে রিকশাচালককে দিকনির্দেশনা দিতে শুরু করে।
রেস্তোরাঁর মেনু বিভ্রাট: আধা ঘণ্টা ধরে খুব মনোযোগ দিয়ে রেস্তোরাঁর পুরো মেনু কার্ড পড়বে, কিন্তু শেষ পর্যন্ত সেই ‘চিকেন ফ্রাই’ বা গতানুগতিক খাবারটিই অর্ডার করবে।
অনলাইন শপিংয়ের অদ্ভুত নেশা: ফেসবুক বা দারাজের কার্টে (Cart) হাজার হাজার টাকার জিনিস জমিয়ে রাখবে, দিনের পর দিন সেগুলো দেখবে কিন্তু কোনোদিনও অর্ডার করবে না।
বিরতির পর বিরতি: কোনো সিনেমার টানটান উত্তেজনার দৃশ্যের মাঝে হঠাৎ পজ দিয়ে সে আপনাকে বলতে শুরু করবে যে এই অভিনেতার অন্য মুভিটা সে কবে দেখেছিল।
অব্যবহৃত নোটিফিকেশন: ফোনে শত শত নোটিফিকেশন জমে থাকবে কিন্তু সে সেগুলো কোনোদিন ক্লিয়ার করবে না, আবার পড়বেও না।
কেন এটি নিয়ে এতো আলোচনা
জেন-জি বা বর্তমান প্রজন্মের কাছে বেইজ ফ্ল্যাগ এখন খুব পছন্দের বিষয়। কারণ, আমরা সবাই জানি কেউ নিখুঁত বা ‘পারফেক্ট’ হয় না। একেকজনের একেকটা অদ্ভুত অভ্যাস থাকে। বেইজ ফ্ল্যাগ মূলত মানুষের সেই অদ্ভুত আর আসল (Raw) দিকগুলোকেই উদযাপন করে। এটি সম্পর্কের একঘেয়েমি দূর করে এক ধরণের নির্মল আনন্দ দেয়।
বিরক্তি না কি ভালোবাসা
বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গীর এই বেইজ ফ্ল্যাগগুলো নিয়ে হাসাহাসি করা বা সেগুলোকে মেনে নেওয়া সুস্থ সম্পর্কের লক্ষণ। এতে বোঝা যায় আপনি মানুষটিকে তার খুঁতগুলোসহ ভালোবাসছেন। আপনার বিরক্তির চেয়ে যদি তার এই স্বভাবগুলো দেখে আপনার হাসি পায়, তবে বুঝবেন আপনাদের সম্পর্ক বেশ মজবুত।
নিখুঁত হওয়ার চেয়ে ‘আসল ব্যক্তিত্ব’ প্রকাশ জরুরি
মনস্তত্ত্ববিদদের মতে, বেইজ ফ্ল্যাগ জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো ‘পারফেকশন’ - এর প্রতি মানুষের অনীহা। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই যখন নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে ব্যস্ত, তখন বেইজ ফ্ল্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ হিসেবে আমাদের কিছু অদ্ভুত দিক থাকবেই। জেন-জিরা এখন আর সিনেমাটিক হিরো খুঁজছে না, বরং তারা এমন কাউকে খুঁজছে যার অদ্ভুত স্বভাবগুলোর সাথে তারা মানিয়ে নিতে পারে।