Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পেঙ্গুইন থেকে প্রেম শিখছে জেনজি, চর্চায় ‘পিবলিং’

সম্পর্ক টিকিয়ে রাখতে সময় কাটানো, সঠিক বোঝাপড়া এবং খোলামেলা কথাবার্তা জরুরি   

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রতিদিন বদলে বদলে যাচ্ছে সম্পর্কের সংজ্ঞা। একইসঙ্গে বদলাচ্ছে প্রেমের ভাষা এবং তা প্রকাশের ধরন। তেমনই বর্তমানে জেনজিদের মধ্যে ট্রেন্ডে ‘পিবলিং’ (Pebbling)। আসুন জেনে নেওয়া যাক বিষয়টা কী -  

পিবলিং আসলে কী

ভালোবেসে সঙ্গীকে উপহার দেওয়া নতুন কিছু নয়। বড় বড় উপহার বা প্রকাশ্যে প্রেমের ঘোষণা - আরও অনেক কিছুই। তবে পিবলিং মানে সম্পর্কে এতো আনুষ্ঠানিকতা নয়; বরং সঙ্গীর ছোট ছোট বিষয়ের খেয়াল রাখা, তার যত্ন নেওয়া। তাকে নিয়মিত ছোট ছোট বা খুব সাধারণ কোনো উপহার দেওয়া, যেন সে নিজেকে স্পেশাল অনুভব করে। ভালোবাসা-যত্নের এই প্রকাশভঙ্গিকেই বলা হয় পিবলিং, যা ইতোমধ্যেই জেনজিদের কাছে বেশ জনপ্রিয়।    

কীভাবে এসেছে এই ধারণা   

‘পিবলিং’ শব্দটি এসেছে পেঙ্গুইনদের আচরণ থেকে। কিছু বিশেষ প্রজাতির পেঙ্গুইন নিজেদের সঙ্গীকে ভালোবাসার নিদর্শন হিসেবে ছোট ছোট নুড়ি পাথর উপহার দেয়। সেই ছোট্ট উপহারই তাদের কাছে যত্ন, বিশ্বাস ও সম্পর্কের প্রতীক। তাই পিবলিং কথার অর্থ - খুব ছোট অথচ আন্তরিক কিছু কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা। যেমন - সঙ্গীর কথা ভেবে একটা গান পাঠানো, পছন্দের খাবারের ছবি শেয়ার করা, সে অফিসে কাজের মাঝে খেয়েছে কি না তার খেয়াল রাখা। মেসেজ করা, কোনো মিম ট্যাগ করা বা ব্যস্ততার মাঝেও একটা ছোট টেক্সট - এগুলোই পিবলিং এর উদাহরণ। এর মধ্যে রয়েছে সঙ্গীর জন্য অনেকটা ভালোবাসা এবং যত্ন।   

কেন জনপ্রিয় এই ট্রেন্ড

এই ট্রেন্ডের জনপ্রিয়তার নেপথ্যে বড় কারণ ডিজিটাল যুগের সম্পর্কের বাস্তবতা। বর্তমানে অনেক সম্পর্কই অনলাইনে গড়ে ওঠে। অনেককে কাজের সূত্রে দূরে থাকতে হয়, ফলে বাধ্য হয়ে চলে লং ডিসটেন্স রিলেশনশিপ। তাই সবসময় সঙ্গীর জন্য বিরাট কিছু আয়োজন করা সম্ভব হয় না। আর্থিক দিক থেকেও তা খুব একটা বাস্তবসম্মত ভাবনা নয়। কিন্তু ছোট ছোট এই ভালোবাসার প্রকাশ সম্পর্কের বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। ভালোবাসা ও যত্নের এমন ছোট ছোট নিদর্শন সম্পর্কের নিরাপত্তা ও ইমোশনাল কানেকশন বাড়ায়। 

পিবলিং যেভাবে সম্পর্কের বন্ধন গাঢ় করে

অনেক সময় বড় সারপ্রাইজের চেয়ে নিয়মিত ছোট ছোট খেয়াল রাখা, সুখ-দুঃখের হিসাব রাখাকে বেশি মূল্যবান মনে করা হয়। এগুলো সম্পর্কের মধ্যে আন্তরিকতার প্রমাণ দেয়। বিশেষ করে ব্যস্ত জীবন, কাজের চাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির মধ্যে এই ছোট ছোট অনুভূতি সম্পর্ককে আরও উষ্ণ রাখে।

তবে এর কিছু নেতিবাচক দিকও থাকতে পারে। কখনও কখনও মানুষ শুধু অনলাইনে রিঅ্যাকশন দেওয়া কিংবা মেসেজ করাকেই সম্পর্কের গভীরতা বলে ধরে নেন। বাস্তবে যোগাযোগ কমে যায়। তাই ভার্চুয়াল উপস্থিতি যথেষ্ট নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে সময় কাটানো, সঠিক বোঝাপড়া এবং খোলামেলা কথাবার্তাও জরুরি।  

   

About

Popular Links

x