Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সম্পর্কেও লুকোচুরি! জেনজিরা কেন ঝুঁকছে ‘সফট লঞ্চ’ ট্রেন্ডে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের জানান দিলেও আড়ালে রাখা হয় সঙ্গীর পরিচয় 

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:২৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করা এখন নিত্যদিনের অভ্যাস। বিশেষত জেনজি বা তরুণ প্রজন্ম সবসময় চেষ্টা করে চলে জীবনকে সুন্দর ও সৃজনশীল দেখানোর। এই ট্রেন্ড থেকেই জন্ম হয়েছে ‘সফট লঞ্চ’ এর। জেনজিদের ডেটিং দুনিয়া বিভিন্ন ধরনের পরিভাষায় ভরে রয়েছে। সেখানেই নতুনভাবে জায়গা করে নিয়েছে ‘সফট লঞ্চ’। 

ব্যবসা বা প্রযুক্তির দুনিয়া থেকে ধারণ করা এই শব্দটি এখন আধুনিক সম্পর্কের রসায়নে বড় জায়গা করে নিয়েছে। কোনো নতুন অ্যাপ বা রেস্তোরাঁ যেমন আনুষ্ঠানিকভাবে বড় করে উদ্বোধনের আগে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু করা হয়, প্রেমের ক্ষেত্রেও বিষয়টি এখন ঠিক তাই।

সহজ কথায়, সম্পর্কের ‘সফট লঞ্চ’ হলো - সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুক) আপনি যে কারও সাথে সম্পর্কে জড়িয়েছেন তা পুরোপুরি প্রকাশ না করে, শুধু কিছু ইঙ্গিত বা অস্পষ্ট ছবি দিয়ে জানান দেওয়া।

‘সফট লঞ্চের’ ক্ষেত্রে সঙ্গীর পরিচয়, নাম বা চেহারা সরাসরি কখনও দেখানো হয় না। তবে আপনার ফলোয়ার বা বন্ধুরা ঠিকই বুঝে যান যে আপনার জীবনে বিশেষ কেউ এসেছে। এর কিছু চেনা রূপ রয়েছে। যেমন - রেস্তোরাঁয় মুখোমুখি বসে কফি খাওয়ার ছবিতে হয়তো শুধু সঙ্গীর হাত দেখা যাচ্ছে, কোথাও ঘুরতে গিয়ে কেবল দুজনের ছায়া বা জুতোজোড়ার ছবি, কিংবা ক্যাপশনে কোনো কথা না লিখে কেবল একটি হার্ট ইমোজি জুড়ে দেওয়া। 

এখানে বার্তাটি স্পষ্ট - আমি আর সিঙ্গেল নই। কিন্তু আমার সঙ্গীটি কে?- এই উত্তর গোপন থাকে।  

কেন এই লুকোচুরি? 

সম্পর্কের শুরুতেই ঢোল না পিটিয়ে তরুণ-তরুণীরা কেন এই সফট লঞ্চের পথ বেছে নিচ্ছেন? এর পেছনে মনস্তাত্ত্বিক ও সামাজিক কিছু কারণ রয়েছে:

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা: সম্পর্কের একদম শুরুর দিনগুলো খুবই সংবেদনশীল হয়। অনেকেই চান না এই সময়ে চারপাশের মানুষ বা আত্মীয়-স্বজন খুব বেশি প্রশ্ন করুক।

পরীক্ষামূলক পর্যায়: সম্পর্কটি কতটা টিকবে বা কোন দিকে মোড় নেবে, তা নিশ্চিত হওয়ার আগে অনেকেই এটি নিয়ে বড় কোনো ঘোষণা বা ‘হার্ড লঞ্চ’ করতে চান না।

অতীতের তিক্ততা এড়ানো: আগে হয়তো কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভার্চুয়াল জগত থেকে ছবি ডিলিট করার ঝক্কি পোহাতে হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে অনেকেই এখন শুরুতেই সঙ্গীর চেহারা বা পরিচয় প্রকাশে সতর্ক থাকেন।

কৌতূহল তৈরি: এটি এক ধরনের আধুনিক টিজার। নিজের ব্যক্তিগত জীবনকে কিছুটা রহস্যময় রেখে বন্ধুদের মনে হালকা কৌতূহল তৈরি করার মধ্যেও অনেকে এক ধরনের আনন্দ পান।  

একটা সময় ছিল যখন সম্পর্কে জড়ালে ফেসবুক স্ট্যাটাস বদলে ‘ইন এ রিলেশনশিপ’ করে দেওয়াটাই ছিল নিয়ম। কিন্তু এখন জেনজি প্রজন্মদের মধ্যে সেই প্রবণতা কমে আসছে।   

মানুষ এখন নিজের সঙ্গীকে দেখাতেও চায়, আবার পুরোটা দেখাতে ভয় পায়। কাছের মানুষকে রাখতে চায়, কিন্তু সবসময় সবার সামনে না।এটা শুধু সম্পর্কের নতুন রূপ নয়, মানুষের মানসিকতারও অংশ।   

   

About

Popular Links

x