Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাক্তনকে ভুলতে কত বছর লাগে, জানালো গবেষণা

গবেষণা অনুযায়ী, প্রাক্তনের প্রতি আবেগ শূন্যের কোঠায় আসতে সময় লাগে ৮ বছর

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
সম্পর্ক শেষ হলেও কি তার রেশ সত্যিই মুছে যায়? বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগ পুরোপুরি কেটে যেতে কত সময় লাগে - এই প্রশ্নের উত্তর খুঁজেছেন গবেষকরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগের বন্ধন অর্ধেক কমতেই গড়ে ৪.১৮ বছর সময় লাগে। আর একই গতিতে আবেগ কমতে সময় লাগতে পারে প্রায় আট বছর। 

তবে এই আট বছর কোনো নির্দিষ্ট সময়সীমা নয়। ব্যক্তি ও সম্পর্কের ধরনভেদে এ সময় ভিন্ন হতে পারে। কারও ক্ষেত্রে আবেগ দ্রুত কমে যায়, আবার কারও ক্ষেত্রে বিচ্ছেদের বহু বছর পরও সেই টান থেকে যায়। 

গবেষণাটি প্রকাশিত হয়েছে গবেষণাপত্র ‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’ সাময়িকীতে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের মনোবিজ্ঞান বিভাগের গবেষক জিয়া ওয়াই. চং ও আর. ক্রিস ফ্রেলি এ গবেষণাটি পরিচালনা করেন। বিচ্ছেদের পর দীর্ঘমেয়াদে মানুষের আবেগগত বন্ধন কীভাবে বদলায়, সেটিই ছিল গবেষণার বিষয়।

৩২৮ জনের অভিজ্ঞতা

গবেষণায় মোট ৩২৮ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের প্রত্যেকেরই দুই বছরের সম্পর্ক ছিল। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩০ বছর এবং ৫৭% ছিলেন নারী। তারা প্রাক্তন সঙ্গীর সঙ্গে গড়ে ৪.৬ বছর সম্পর্কে ছিলেন এবং বিচ্ছেদ হয়েছিল গড়ে প্রায় পাঁচ বছর আগে। 

গবেষকেরা প্রশ্নমালার মাধ্যমে অংশগ্রহণকারীদের আবেগগত টান পরিমাপ করেন - যেমন প্রাক্তনের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে কি না বা তার সাথে থাকলে নিরাপদ বোধ করতেন কি না। একই প্রশ্ন একজন অপরিচিত মানুষকে নিয়েও করা হয়। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তির তুলনায় প্রাক্তনের প্রতি আবেগের মাত্রা ঠিক কতটা বেশি, তা নির্ধারণ করেন গবেষকেরা। এছাড়া সম্পর্ক কে ভেঙেছিলেন, বিচ্ছেদের পর নতুন সম্পর্ক তৈরি হয়েছে কি না বা তাদের মধ্যে যোগাযোগ আছে কি না - এসব তথ্য নিয়ে পরিসংখ্যানগত বিশ্লেষণ করা হয়।

আবেগ কমে, তবে ধীরগতিতে

বিশ্লেষণে দেখা গেছে, দীর্ঘমেয়াদে প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগের বন্ধন শূন্যের কাছাকাছি পৌঁছে যায়। অর্থাৎ সময়ের সঙ্গে অধিকাংশ মানুষই প্রাক্তনকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারেন। একপর্যায়ে তাদের প্রতি আবেগ আর দশজন সাধারণ অপরিচিত মানুষের অনুভূতির চেয়ে বেশি থাকে না।

তবে এ পরিবর্তন ঘটে বেশ ধীরগতিতে। আবেগ অর্ধেক কমতেই গড়ে ৪.১৮ বছর লেগে যায়, যা পুরোপুরি শূন্যে নামতে গড়ে আট বছরের মতো সময় নেয়। অবশ্য বিচ্ছেদের বহু বছর পরও অল্প কিছু মানুষের ক্ষেত্রে প্রাক্তনের প্রতি আবেগ অপরিচিত ব্যক্তির চেয়ে বেশি থেকে যেতে দেখা গেছে।

যে বিষয়গুলো প্রভাব ফেলতে পারে 

প্রাক্তনকে ভুলে যাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রভাব ফেলে, তা-ও বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এতে দেখা যায়, নতুন সম্পর্কে জড়ানো কিংবা লিঙ্গ (নারী বা পুরুষ হওয়া) - কোনোটিই আবেগ কমার ক্ষেত্রে বড় কোনো প্রভাব ফেলে না। 

প্রাক্তনের প্রতি আবেগ দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল বিচ্ছেদের পরও যোগাযোগ বজায় রাখা। যারা যোগাযোগ চালিয়ে গেছেন, তাদের আবেগ দীর্ঘস্থায়ী হয়েছে। এছাড়া যাদের মধ্যে উদ্বেগের প্রবণতা বেশি, তাদের মন থেকেও প্রাক্তনের টান সহজে মুছে যায়নি। তবে প্রাক্তনের সঙ্গে সন্তান থাকলে শুরুতে আবেগ বেশি দেখা গেলেও, সময়ের সঙ্গে সন্তানহীন দম্পতিদের তুলনায় সেই আবেগ দ্রুত কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। 
   

About

Popular Links

x