প্রেম মানে না বয়স, প্রেম মানে না ধর্ম-বর্ণ। প্রেমের হয় না কোনো নির্দিষ্ট বয়স। তবে, সম্পর্ক বিশেষজ্ঞদের মতে- বাস্তবে অনেক তরুণী নিজের চেয়ে বয়সে বড় পুরুষের প্রতি বেশি আকৃষ্ট। এর পেছনে কারণ হিসেবে- অর্থনৈতিক নিরাপত্তা, মানসিক পরিপক্বতা, স্থিতিশীলতা এবং দায়িত্বশীল আচরণকেই বেশি গুরুত্ব দেন নারীরা।
বয়সে বড় পুরুষদের প্রতি আকর্ষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে তাদের মানসিক পরিপক্বতা। জীবনের নানা অভিজ্ঞতার কারণে তারা আবেগ নিয়ন্ত্রণে দক্ষ হন এবং ছোটখাটো বিষয় নিয়ে অযথা উত্তেজিত না হয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, যার ফলে সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় জটিলতা কম তৈরি হয়।
এছাড়াও, দায়িত্বশীল আচরণ ও বাস্তববাদী মনোভাবের কারণে তারা অবাস্তব কল্পনার চেয়ে পারস্পরিক সম্মান এবং দীর্ঘমেয়াদি ভবিষ্যতের দিকে বেশি গুরুত্ব দেন এবং সমস্যা এড়িয়ে না গিয়ে আলোচনা করে সমাধান করতে পছন্দ করেন।
কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তাদের যুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর এই স্থিরতা ও নির্ভরযোগ্যতা অনেক নারীর কাছে অত্যন্ত আকর্ষণীয় ঠেকে।
এছাড়া ক্যারিয়ার, পরিবার এবং ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকার কারণে সম্পর্কে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা ও ঝামেলা কম দেখা যায়।
আধুনিক সমাজে অর্থের চেয়ে মানসিক পরিপক্বতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের স্থিতিশীলতাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বর্তমান প্রজন্মের নারীরা।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু বয়স বেশি হলেই কেউ আদর্শ সঙ্গী হন না। এটি নির্ভর করে দু’জন মানুষের মানসিক সামঞ্জস্য, বিশ্বাস এবং পারস্পরিক সম্মানবোধের ওপর। এজন্য বয়সের চেয়ে জানাবোঝা মানুষই জীবনসঙ্গী হিসেবে সেরা।



