২০২৬ সালের সবচেয়ে বড় ভ্রমণ পরিবর্তন বিমান ভাড়া কমা বা নতুন রুট চালু হওয়া নয়। পরিবর্তন এসেছে সীমান্ত পারাপারের নিয়মে।
বিশ্বজুড়ে অনেক দেশ প্রচলিত ভিসা ব্যবস্থার পাশাপাশি চালু করছে ডিজিটাল ট্রাভেল অথরাইজেশন, অনলাইন আগমন ফরম এবং বায়োমেট্রিক সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে এখন শুধু বিমান টিকিট কাটা আর পাসপোর্ট সঙ্গে থাকাই যথেষ্ট নয়; অনেক ক্ষেত্রেই যাত্রার আগেই অনলাইনে অনুমোদন নিতে হচ্ছে।
এ বছরের অন্যতম বড় পরিবর্তন এনেছে যুক্তরাজ্য। ফেব্রুয়ারি থেকে ভিসামুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের দেশটিতে প্রবেশের আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হচ্ছে। অনুমোদন ছাড়া যাত্রীদের বিমানে উঠতে না দেওয়ার ক্ষমতাও রয়েছে এয়ারলাইন্সগুলোর।
একই পথে হাঁটছে ইউরোপও। শেনজেন অঞ্চলে ধীরে ধীরে প্রচলিত পাসপোর্ট সিলের পরিবর্তে চালু হচ্ছে নতুন এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস), যেখানে যাত্রীদের মুখের ছবি ও আঙুলের ছাপ ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। বছরের শেষ দিকে চালু হতে পারে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম (ইটিআইএএস), যার আওতায় ভিসামুক্ত ভ্রমণকারীদেরও অনলাইনে আগাম অনুমোদন নিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত ব্যবস্থাপনায় এখন বড় পরিবর্তন হচ্ছে। আগে যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর পর কাগজপত্র যাচাই করা হতো, এখন অনেক দেশ বিমানে ওঠার আগেই ভ্রমণকারীদের তথ্য যাচাই করতে চায়।
অন্যদিকে কিছু দেশ আবার ভ্রমণ আরও সহজ করছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য উজবেকিস্তান ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগ চালু করেছে। এতে সামারকান্দ ও বুখারার মতো ঐতিহাসিক শহরে ভ্রমণ আরও সহজ হয়েছে।
পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের আকর্ষণ করতে বিভিন্ন দেশ ভিসা ছাড়, সহজ প্রবেশব্যবস্থা এবং ডিজিটাল প্রসেসিং চালু করছে। ফলে বিশ্ব ভ্রমণ ব্যবস্থায় এক ধরনের দ্বৈত চিত্র তৈরি হয়েছে-প্রচলিত ভিসার সংখ্যা কমছে, কিন্তু বাড়ছে অনলাইন অনুমোদন ও ডিজিটাল যাচাই।
বাংলাদেশি ভ্রমণকারীদের জন্যও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। যদিও অনেক দেশে এখনো প্রচলিত ভিসা বাধ্যতামূলক, তবুও বিশ্বের বিভিন্ন গন্তব্যে ডিজিটাল প্রি-ট্রাভেল অনুমোদনের ব্যবহার দ্রুত বাড়ছে। শুধু পাসপোর্ট ও টিকিট নিয়ে বিমানবন্দরে পৌঁছে যাওয়ার যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে।
ভ্রমণ বিশেষজ্ঞদের পরামর্শ, বিদেশ সফরের আগে প্রতিবারই সংশ্লিষ্ট দেশের সরকারি অভিবাসন ওয়েবসাইটে সর্বশেষ নিয়ম দেখে নেওয়া উচিত। কারণ গত বছরের নিয়ম এ বছর আর কার্যকর নাও থাকতে পারে।
সামগ্রিকভাবে বিশ্বজুড়ে সীমান্ত ব্যবস্থাই এখন ডিজিটাল হয়ে উঠছে। বিভিন্ন সরকার বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, পাসপোর্টের সঙ্গে ভ্রমণ অনুমোদন সংযুক্ত করা এবং যাত্রার অনেক আগেই অনলাইনে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করার দিকে ঝুঁকছে।
আধুনিক ভ্রমণকারীদের জন্য তাই যাত্রা এখন আর বিমানবন্দর থেকে শুরু হয় না। শুরু হয় একটি অনলাইন আবেদনপত্র দিয়ে।