নদীভাঙনে ছোট হচ্ছে বরিশাল, ৫ বছরে বিলীন ১২০ বর্গকিলোমিটার এলাকা

নদীভাঙনের ভয়াবহতায় ক্রমেই ছোট হয়ে আসছে বরিশাল বিভাগের মানচিত্র। পাঁচ বছরে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ১২০ বর্গকিলোমিটার এলাকা। একই সময়ে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে দেখা গেছে, নদীভাঙনের কারণে বিভাগের প্রায় ১০২ কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

ভুক্তভোগী ও পরিবেশ সচেতনদের অভিযোগ, অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ইটভাটার জন্য নদীতীর কেটে নেওয়া এবং কার্যকর নদীশাসনের অভাবের কারণে প্রতিবছর নদীভাঙনের তীব্রতা বাড়ছে। এর ফলে প্রতি বছর লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ও কৃষিজমি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলা। সড়কপথে বিচ্ছিন্ন এই দুই উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা, মেঘনা, কালাবদর, তেঁতুলিয়াসহ একাধিক নদী। নদীগুলোর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে বছরজুড়েই উপজেলার একের পর এক গ্রাম নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের দাবি, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর নদীশাসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা না নিলে বরিশালের বিস্তীর্ণ এলাকা ভবিষ্যতে আরও বড় ঝুঁকির মুখে পড়বে।