ডায়েটে নেই কড়াকড়ি, মিষ্টি খেয়েই ফিট থাকেন মেসি, আর কী পছন্দ তার?

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মাঠে তার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ কোটি কোটি ফুটবলপ্রেমী। তবে মাঠের বাইরের মেসিও সমানভাবে আগ্রহের কেন্দ্রবিন্দু।

ফিটনেসের জন্য পরিচিত ৩৯ বছর বয়সী এই ফুটবলারের খাদ্যাভ্যাস নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। আশ্চর্যের বিষয়, কঠোর ডায়েট মেনে চললেও মিষ্টির প্রতি তার দুর্বলতা রয়েছে। মেসি নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি মিষ্টি খেতে খুব পছন্দ করেন, তবে পরিমিত পরিমাণে।

মেসির দিনের শুরু হয় পরিবারের সঙ্গে। আগের রাতেই তিনি প্রাতরাশের টেবিল গুছিয়ে রাখেন। স্ত্রী আন্তোনেলা এবং তিন সন্তানের জন্য নির্দিষ্ট আসনও ঠিক করা থাকে। সকালে সবাই একসঙ্গে বসেই খাবার খান।

খাবারের ক্ষেত্রে নিজের দেশের ঐতিহ্যবাহী পদই সবচেয়ে বেশি পছন্দ করেন মেসি। তার পছন্দের তালিকায় রয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় খাবার “আসাদো”, যা বিভিন্ন ধরনের মাংস সেঁকে বা গ্রিল করে তৈরি করা হয়। এছাড়া মিলানিজা, পাস্তা, চকলেট এবং ডুলসে দে লেচেও তার অত্যন্ত প্রিয়।

পানীয়ের মধ্যে মেসির পছন্দ “মাতে” দক্ষিণ আমেরিকার জনপ্রিয় এক ধরনের হারবাল চা। তবে তিনি সাধারণত চিনি ছাড়া বা কম মিষ্টি মাতে পান করেন।

খাদ্যাভ্যাসের পাশাপাশি মেসির একটি ব্যক্তিগত অভ্যাসও বেশ চর্চিত। বাড়িতে ফিরেই তিনি জুতো খুলে খালি পায়ে হাঁটতে স্বচ্ছন্দ বোধ করেন। এমনকি অন্যের বাড়িতে অতিথি হিসেবেও গেলে অনেক সময় এই অভ্যাস বজায় রাখেন।