ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা মানেই লিওনেল মেসির দেশ। অনেকেরই স্বপ্ন, জীবনে অন্তত একবার এই মনোমুগ্ধকর দেশে ভ্রমণ করা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আর্জেন্টিনা বিশ্বজুড়ে পরিচিত তার সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির জন্যও। রসালো স্টেক থেকে শুরু করে ক্যারামেল ভরা কুকি খাবারপ্রেমীদের জন্য দেশটি যেন এক স্বর্গ। জেনে নিন, আর্জেন্টিনা ভ্রমণে গেলে কোন খাবারগুলো অবশ্যই চেখে দেখবেন।
১. স্টেক
আর্জেন্টিনার নাম শুনলেই প্রথমে আসে স্টেকের কথা। নরম, রসালো এবং সুস্বাদু গরুর মাংসের স্টেকের জন্য দেশটি বিশ্বখ্যাত। বুয়েনস আইরেসে বিশ্বের অন্যতম সেরা স্টেক হাউস থাকলেও সেখানে রিজার্ভেশন পাওয়া বেশ কঠিন। তবে হতাশ হওয়ার কিছু নেই, সারা দেশেই রয়েছে অসংখ্য মানসম্মত স্টেক হাউস। এখানে “পারিলা” বলতে বোঝায় মাংস গ্রিল করার চুলা এবং “আসাদো” হলো ঐতিহ্যবাহী বারবিকিউ পদ্ধতি।
২. পাস্তা
১৮৫০ থেকে ১৯৫০ সালের মধ্যে বিপুল সংখ্যক ইতালীয় অভিবাসী আর্জেন্টিনায় বসতি স্থাপন করেন। তাদের হাত ধরেই জনপ্রিয় হয়ে ওঠে পাস্তা। ফলে বর্তমানে আর্জেন্টিনার বিভিন্ন শহর, বিশেষ করে বুয়েনস আইরেসে, অসাধারণ স্বাদের পাস্তার রেস্তোরাঁ পাওয়া যায়।
৩. পাতাগোনিয়ান ল্যাম্ব
পাতাগোনিয়া অঞ্চলের ভেড়ার মাংস আর্জেন্টিনার অন্যতম বিখ্যাত খাবার। ধীরে ধীরে রান্না করা এই মাংস এতটাই নরম যে সহজেই চামচ দিয়ে কাটা যায়। সরাসরি মাংস খেতে না চাইলে ল্যাম্ব স্টু বা পাস্তার মাধ্যমেও এর স্বাদ উপভোগ করা যায়।
৪. প্রোভোলেটা
পনিরপ্রেমীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। প্রোভোলোন চিজ গ্রিল করে অলিভ অয়েল, অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করা হয়। স্টেকের সঙ্গে সাইড ডিশ বা অ্যাপেটাইজার হিসেবে এটি বেশ জনপ্রিয়।
৫. এম্পানাদাস
দেখতে অনেকটা আমাদের পুলি পিঠার মতো হলেও স্বাদে সম্পূর্ণ ভিন্ন। মুচমুচে এই খাবারের ভেতরে থাকে মাংস, সবজি বা পনিরের পুর। আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় স্ন্যাকস হিসেবে এম্পানাদাসের কদর অনেক।
৬. আলফাজোরেস
মিষ্টিপ্রেমীদের জন্য আলফাজোরেস এক বিশেষ আকর্ষণ। দুটি নরম কুকির মাঝে থাকে ক্যারামেলজাতীয় পুর, যা পরে মিল্ক, ডার্ক কিংবা হোয়াইট চকলেটে মোড়ানো হয়। আর্জেন্টিনা থেকে স্মারক হিসেবে অনেক পর্যটক এই কুকি সঙ্গে করে নিয়ে আসেন।
৭. মিডিয়ালুনাস
“অর্ধচন্দ্র” আকৃতির এই পেস্ট্রি দেখতে ফরাসি ক্রসাঁর মতো হলেও স্বাদে বেশি মিষ্টি এবং ভেতরে থাকে নরম, পাউরুটির মতো টেক্সচার। সকালের নাশতা বা বিকেলের কফির সঙ্গে এটি আর্জেন্টিনাবাসীদের প্রিয় খাবার।
আর্জেন্টিনার সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ পেতে চাইলে এই খাবারগুলো আপনার ভ্রমণতালিকায় অবশ্যই রাখা উচিত।



