Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গরমে শরীর ভালো রাখবে যেসব ফলের সালাদ

বিদেশে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, রকমারি সস দিয়ে সালাদ খাওয়ার প্রচলন আছে

আপডেট : ০২ জুন ২০২৬, ০৩:১৬ পিএম

গরমের দিনে বাঙালির দুপুর ও রাতের খাবারের সঙ্গে চিরপরিচিত সালাদ তো থাকবেই বাড়তি স্বাদ হিসেবে। তবে সালাদ বলতে ভাত কিংবা রুটির সঙ্গে শসা, পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, গাজর খাওয়ার যে ধারণা এতদিন প্রচলিত ছিল, সেসব অনেকটা বদলে গেছে। 

বাংলাদেশে গ্রাম-শহর হোটেল-বাসাবাড়িতে সালাদের প্রচলন বহুদিনের। কিন্তু দেশ-বিদেশে বিভিন্ন কায়দায় সালাদ খাওয়া হয়। বিশেষ করে বিদেশে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, রকমারি সস দিয়ে সালাদ খাওয়ার প্রচলন আছে। বাংলাদেশে কিন্তু সেভাবে ফল দিয়ে সালাদ খাওয়া হয় না। 

ফ্রুট সালাদ বলতে অনেকেই বোঝেন রকমরি ফল কুচিয়ে নিয়ে তাতে লবণ-গোলমরিচ মিশিয়ে দিলেই হলো। আদতে তা নয়; ফলের সালাদও বানানো যায় নানা কায়দায়, ভিন্ন পদ্ধতিতে। তাতে মেশানো হয় আরও নানা উপকরণ। কোন ফলের সঙ্গে কী মেশালে স্বাদ বাড়বে, সে কৌশলও জেনে রাখা দরকার। 

যেসব ফ্রুট দিয়ে যে পদ্ধতিতে সালাদ তৈরি করবেন-

 

মিষ্টি তরমুজের সঙ্গে চিজ ও পুদিনার মিক্স সালাদ

মিষ্টি তরমুজের সঙ্গে নোনতা চিজ ও পুদিনাপাতা মেশালে তার স্বাদই অন্যরকম হয়। গরমের দিনে ইউরোপের নানা জায়গায় এমন সালাদ খাওয়া হয়। এটি বানাতে ২ কাপের মতো চৌকো টুকরো করে তরমুজ কেটে নিতে হবে, সঙ্গে লাগবে চিড় ও আধাকাপের মতো পুদিনাপাতা। একটি বড় পাত্রে তরমুজের টুকরোগুলো রেখে তার ওপর থেকে চিজ গ্রেট করে দিতে হবে। এবার পুদিনাপাতা, লেবুর রস ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ড্রেসিং তৈরি করে ফেলুন। তেল না দিতে চাইলে দই ফেটিয়েও দিতে পারেন। এই ড্রেসিং তরমুজের ওপর মাখিয়ে পরিবেশন করুন।

যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তাদের জন্য বিকল্প হতে পারে এই সালাদ। সবুজ ও কালো আঙুর, পানি ঝরানো টকদই, মধু, ভাজা আখরোট কুচি এবং সামান্য ভ্যানিলা এসেন্স মিশিয়ে তৈরি করা হয় এ সালাদ। 

টকদইয়ের সঙ্গে মধু ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। এতেই সালাদের ক্রিম তৈরি হয়। এবার আঙুরগুলো সেই ক্রিম দিয়ে মাখিয়ে ওপর থেকে কুঁচানো আখরোট ছড়িয়ে ফ্রিজে এক ঘণ্টা রেখে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশনের আগে সামান্য একটু মধু ছিটিয়ে দিন। এরপর পরিবেশন করুন।

 

আনারস আর শসার মিক্স সালাদ 

আনারসের টক-মিষ্টি স্বাদের সঙ্গে শসা মিশলে তা খেতে যেমন সুস্বাদু হয়, ঠিক তেমনই শরীরের জন্য পুষ্টিকর। গরমে এই সালাদ খেলে পানিশূন্যতা বা ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে  না। এটি বানানো সহজ। এক কাপের মতো আনারসের টুকরো, খোসা ছাড়ানো শসার কিউব, ২ চামচ পেঁয়াজ কুচি, ২ চামচ লেবুর রস, সামান্য মসলা ও বিট লবণ নিন। এরপর আনারস ও শসার টুকরোগুলো মিশিয়ে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, লেবুর রস, বিট লবণ এবং চাটমসলা ছড়িয়ে মেখে নিন। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এর স্বাদ আরও বাড়বে। 

বিশেষজ্ঞরা বলছেন, বেশি মাত্রায় ড্রেসিং দেওয়া সালাদ খেলে পেটের সমস্যা হতে পারে। তাই মৌসুমি নানা ফল দিয়ে সালাদ বানিয়ে খাওয়াই উত্তম। গরমের এই সময়ে শরীর ভালো রাখতে রকমারি ফল দিয়ে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের কিছু সালাদ। 

   

About

Popular Links

x