প্লাস্টিকের বদলে স্টিলের পানির বোতলের চাহিদাই বাড়ছে দিনদিন। অনেকদিন টেকসইয়ের পাশাপাশি ঠান্ডা বা গরম দুইরকম পানিই ভরা যায়। তাই স্টিলের বোতলই এখন বেশি ব্যবহার হয়।
টেকসই ও দীর্ঘদিন ব্যবহারযোগ্য হওয়ায় বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্র সব জায়গাতেই মানুষ স্টিলের পানির বোতল ব্যবহার করছে। পানি ছাড়াও চা, কফিসহ বিভিন্ন পানীয় গরম বা ঠান্ডা অবস্থায় রাখার সুবিধা থাকায় এ ধরনের বোতল বেশির ভাগ মানুষের পছন্দ।
তবে নিয়মিত ব্যবহারের পর বোতলের ভেতরে পানীয়ের আস্তরণ, দাগ ও দুর্গন্ধ জমতে পারে। বিশেষ করে বোতলের তলা, মুখের চারপাশ, ঢাকনার খাঁজ ও রাবারের সিলে ময়লা জমে যাওয়ার আশঙ্কা থাকে।
তাই শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই সব সময় বোতল পুরোপুরি পরিষ্কার হয় না। তাই স্বাস্থ্য সচেতনতার জন্য হলেও কিছু পদ্ধতি মেনে চলা জরুরি।
স্টেইনলেস স্টিলের বোতল পরিষ্কারের কিছু পদ্ধতি:
বেকিং সোডায় পরিষ্কার করুন
দাগ ও দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করা যায়। এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে গরম পানি মিশিয়ে বোতলে ঢেলে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর বোতলের ভেতর ভালোভাবে ধুয়ে নিন। প্রয়োজন হলে নরম বোতল ব্রাশ দিয়ে তলা ও ভেতরের দেয়াল পরিষ্কার করুন।
ভিনেগার ও গরম পানি
বোতলে সমপরিমাণ ভিনেগার ও গরম পানি নিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিতে পারেন। পরে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে জমে থাকা গন্ধ ও কিছু দাগ কমতে পারে।
লেবু ও লবণ ব্যবহার করুন
বোতল সতেজ রাখতে লেবুর রস ও সামান্য লবণ ব্যবহার করা যায়। বোতলে লেবুর রস ও এক চিমটি লবণ দিয়ে হালকাভাবে ঝাঁকিয়ে নিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
ঢাকনা আলাদাভাবে পরিষ্কার করুন
বোতলের ঢাকনা ও মুখের অংশ নিয়মিত পরিষ্কার করা জরুরি। গরম সাবান পানিতে ক্যাপ ধুয়ে নিন। বিশেষ করে ঢাকনার খাঁজ ও রাবারের সিল খুলে পরিষ্কার করার সুযোগ থাকলে সেগুলোতেও নজর দিন।
ধোয়ার পর ভালোভাবে শুকান
পরিষ্কার করার পর বোতলের মুখ খোলা রেখে সম্পূর্ণ শুকিয়ে নিন। ভেতরে পানি বা আর্দ্রতা জমে থাকলে দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই শুকানোর পরই বোতলের ঢাকনা লাগিয়ে সংরক্ষণ করা ভালো।
এসব নিয়ম মেনে চললে স্টেইনলেস স্টিলের বোতল দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাখা সম্ভব।



