একজন নারী সারাজীবনে কত কেজি লিপস্টিক খান?

একজন নারী তার পুরো জীবদ্দশায় নাকি গড়ে প্রায় ২৭ কেজি লিপস্টিক খেয়ে ফেলেন! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন এক তথ্য ঘুরে বেড়াচ্ছে, যা স্বাভাবিকভাবেই সাজগোজ পছন্দ করা নারীদের আঁতকে তোলার জন্য যথেষ্ট। তবে অনুসন্ধানে উঠে এসেছে, এই তথ্যের পেছনে কোনো বৈজ্ঞানিক বা সুনির্দিষ্ট ভিত্তি নেই। এটি সম্পূর্ণ তথ্যসূত্রহীন একটি ভুয়া দাবি বা ‘মিথ’।

এর আগে আন্তর্জাতিক বিউটি ব্লগ ‘imabeautygeek’-এ প্রকাশিত এক প্রতিবেদনে গবেষক লিজা হার্জ জানান, কেউ যদি সারাজীবনে ৪ পাউন্ড (প্রায় ১.৮ কেজি) লিপস্টিকও খায়, তবে তাকে জীবনদশায় অন্তত ৫৩৩টি পুরো লিপস্টিক সাবাড় করতে হবে। এর জন্য ১৫ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত প্রতিদিন কয়েক বার করে লিপস্টিক ঠোঁটে মাখতে হবে এবং প্রতি মাসে অন্তত একটি পুরো লিপস্টিকের টিউব শেষ করতে হবে, যা বাস্তবসম্মত নয়।

আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং সংস্থা ‘Snopes’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরার ‘ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ কাউন্সিল’ এ সংক্রান্ত একটি পরিসংখ্যান দিয়েছিল। তাদের মতে, একজন নারী যদি নিয়মিত ও পরিমিত লিপস্টিক ব্যবহারকারী হন, তবে তিনি সারাজীবনে গড়ে ৫০০ গ্রাম থেকে সর্বোচ্চ ১,৫০০ গ্রাম (দেড় কেজি) লিপস্টিক খেতে পারেন।

তবে এই ৫০০ থেকে ১৫০০ গ্রামের হিসাবটি নিয়েও বিশেষজ্ঞদের মনে সন্দেহ রয়েছে। কারণ একজন নারী ঠোঁটে যে পরিমাণ লিপস্টিক ব্যবহার করেন, তার পুরোটাই পেটে যায় না। এর একটি বড় অংশ খাবার খাওয়া, চা-কফির কাপে লেগে থাকা, চুম্বনের সময় উঠে যাওয়া কিংবা টিস্যু ও মেকআপ রিমুভার দিয়ে মুছে ফেলার মাধ্যমে নষ্ট হয়ে যায়।

সুতরাং, একজন নারী সারাজীবনে ২৭ কেজি লিপস্টিক খেয়ে ফেলেন, এমন দাবি সম্পূর্ণ বানোয়াট, কাল্পনিক ও বিভ্রান্তিকর। গবেষণার তথ্য অনুযায়ী, নিয়মিত ব্যবহার করলেও এই পরিমাণ খুব বেশি হলে ৫০০ গ্রাম থেকে দেড় কেজির কাছাকাছি হতে পারে।