রাস্তার পাশ ঘেঁষে হাঁটার সময় প্রায়ই ভোজনরসিকদের চোখ আটকে যায় দোকানের লাল কাপড়ে ঢাকা বড় বড় হাঁড়িতে। কারণ একটাই, বিরিয়ানি!
কখনো মনে হয়েছে দুর্দান্ত স্বাদের লোভনীয় এ খাবারটির সঙ্গে লাল কাপড়ের কী সম্পর্ক? এতো কিছু থাকতে লাল রঙের কাপড়ই কেন টানানো থাকবে বিরিয়ানির হাঁড়িতে, এ প্রশ্নও নিশ্চয়ই উঁকিঝুঁকি দেয় মাঝেমধ্যেই।
এর পেছনে রয়েছে ঐতিহাসিক এক কারণ। মুঘল সম্রাট হুমায়ুন একবার ইরানের আশ্রয় নেন সেইসময় তাকে রূপালি পাত্রে খাবার পরিবেশন করা হতো। তার খাবার সাজানো থালি ঢেকে রাখা হতো লাল কাপড়ে। ধারণা করা হয়, সেখান থেকেই হয়তো এসেছে এই লাল কাপড়ের প্রচলন!
লাল আবার আভিজাত্যের প্রতীকও বটে, আর বিরিয়ানির মতো খানদানি খাবার কি আর যেভাবে সেভাবে রাখা যায়! সেজন্যই বিশেষ এ খাবারটি যে অন্য সবার থেকে আলাদা তা বোঝাতেও ব্যবহার হয় লাল কাপড়।
আবার অনেকে মনে করেন খারাপ নজর থেকে দূরে রাখতে দারুণ কাজ করে লাল রং, সেজন্যেই হয় বিরিয়ানির হাঁড়ি ঢেকে রাখা থাকে লাল কাপড়ে!