যে প্রতিষ্ঠানে যেকোনো বিচ্ছেদেই মিলবে বেতনসহ ৭ দিনের ছুটি

প্রেম কিংবা বিবাহ, যেকোনো সম্পর্কের বিচ্ছেদই কষ্টের। সম্পর্ক ভেঙে যাওয়ার ধাক্কা সামলে স্বাভাবিক জীবনে ফিরতে অনেকেরই সময় লাগে। এর প্রভাব ব্যক্তিজীবনের পাশাপাশি কর্মজীবনেও পড়তে পারে। কর্মীদের এমন কঠিন সময়ে পাশে দাঁড়াতে অভিনব ছুটির ব্যবস্থা করেছে ভারতের বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ ‘স্টকগ্রো’।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে কর্মীদের জন্য এ বিশেষ ছুটির ব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি।

নিয়মও বেশ সহজ। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে কিংবা বিবাহবিচ্ছেদ হলে একজন কর্মী সাত দিনের বেতনসহ ছুটি নিতে পারবেন। এ জন্য কোনো প্রমাণপত্রও জমা দিতে হবে না। অর্থাৎ ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার বিষয়টি প্রতিষ্ঠানকে জানালেই এ ছুটির জন্য আবেদন করা যাবে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়েছে। অনেকের মতে, এটি শুধু একটি ছুটির নীতি নয়; কর্মীদের মানসিক সুস্থতার প্রতি প্রতিষ্ঠানের গুরুত্ব দেওয়ারও একটি বার্তা।

সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক ধাক্কা সামলে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগে। এ ধরনের বিরতি কর্মীদের নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ দেয়। পাশাপাশি মানসিক চাপ কাটিয়ে নতুন উদ্যমে কাজে ফিরতেও এমন উদ্যোগ সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।