সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধু তালিকায় এমন কেউ কি আছেন, যাকে অনেক দিন ধরেই বাদ দেওয়ার কথা ভাবছেন, অথচ পারছেন না? আজ আর দ্বিধায় থাকার প্রয়োজন নেই। কারণ, আজ ১৭ নভেম্বর, আনফ্রেন্ড ডে বা বন্ধু ছাঁটাই দিবস।
সামাজিক যোগাযোগমাধ্যম জনপ্রিয় হওয়ার পর থেকেই ভার্চুয়াল বন্ধুত্বের ধারণা বদলাতে শুরু করে। বাস্তবে পরিচয় নেই, কথা হয় না, এমন মানুষও অনলাইনে বন্ধু হয়ে ওঠেন। একইসঙ্গে জনপ্রিয়তা পায় ‘আনফ্রেন্ড’ শব্দটিও।
২০০৯ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ‘আনফ্রেন্ড’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়াই এর অর্থ।
২০১০ সালে মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’ চালু করেন।
ফেসবুকে নির্বিচারে বন্ধু বাড়ানোর প্রবণতাকে ব্যঙ্গ করতেই তার এই উদ্যোগ। তার বক্তব্যের মূল কথা ছিল, শুধু বন্ধু তালিকায় নাম থাকলেই কেউ প্রকৃত বন্ধু হয়ে যান না।
এরপর থেকে প্রতিবছর ১৭ নভেম্বর দিনটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মজার উপলক্ষ হয়ে উঠেছে।
কাকে রাখবেন, কাকে বাদ দেবেন?
কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া মানেই তার সঙ্গে শত্রুতা তৈরি করা নয়। এটি নিজের অনলাইন পরিসরকে পছন্দমতো সাজিয়ে নেওয়ার একটি উপায়। তাই নিজের বন্ধু তালিকায় কাকে রাখবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারই।
এজন্য আজ আপনার বন্ধু তালিকায় একটু চোখ বুলিয়ে দেখতে পারেন। এমন অনেক নাম হয়তো খুঁজে পাবেন, যাদের সঙ্গে শেষ কবে কথা হয়েছে, মনে করতে পারছেন না। কারও পরিচয়ই ভুলে গেছেন। আবার কারও সঙ্গে যোগাযোগ না থাকলেও তার পোস্ট নিয়মিত আপনার নিউজফিডে হাজির হচ্ছে।
তবে সব ক্ষেত্রে আনফ্রেন্ড করাই একমাত্র সমাধান নয়। কারও পোস্ট দেখতে ভালো না লাগলে তাকে আনফলো করতে পারেন। এতে বন্ধুত্ব বজায় থাকবে, কিন্তু তার পোস্ট আর নিয়মিত নিউজফিডে দেখতে হবে না। আবার ব্যক্তিগত কোনো পোস্ট নির্দিষ্ট মানুষের কাছ থেকে আড়াল করতে চাইলে ফেসবুকের প্রাইভেসি সেটিংসও ব্যবহার করতে পারেন।
অন্যদিকে কেউ বারবার বিরক্ত করলে, হয়রানি করলে কিংবা ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলে তাকে ব্লক করার সুযোগও রয়েছে।
অর্থাৎ সত্যিকারের বন্ধু কে, তা নির্ধারণেও এ দিনটি হয়ে উঠতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ।