যেভাবে যত্ন নেবেন স্টিলের বাসনপত্রের!

আমাদের রান্নাঘরে প্রতিনিয়ত যেসব বাসনপত্র ব্যবহার করা হয় তার মধ্যে স্টিলের বাসনের সংখ্যাই বেশি। তবে অনেকসময় দেখা যায় যে স্টিলের বাসন প্রতিদিন ব্যবহারের ফলে তাতে দাগ-ছোপ পড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আগুনের তাপে স্টিলের বাসনের নিচের অংশে জমে থাকা তেলমশলা থেকে পোড়া দাগ হয়ে যায়। ফলে অনেক সময় সেই বাসনকে বাতিলের খাতায় ফেলে আবার নতুন বাসন ব্যবহার করতে হয়। বাড়িতে একটু নিয়ম করে যত্ন নিলেই দীর্ঘদিন রান্নাঘরের বাসনপত্র থাকবে একদম ঝকঝকে চকচকে! জেনে নিন সহজ কয়েকটি উপায়।

১. অনেক সময় রান্নার পর গরম স্টিলের বাসন রান্নাঘরে বাসন ধোয়ার বেসিনে রেখে দিই বা তাতে পানি ঢেলে দিই। এটা একেবারেই করা উচিৎ না। রান্নার পর স্টিলের পাত্র ঠাণ্ডা হলে তারপর তা ডিশওয়াশার মেশানো পানি ও স্পঞ্জ দিয়ে ধুয়ে নেবেন। তাতে বাসন ভাল থাকবে।

২. স্টিলের বাসনে রান্না করার সময় ওভেনের ফ্লেম প্রথমেই বাড়িয়ে দেবেন না। এতে অনেকসময় বাসনে পোড়া দাগ হয়ে যায়। আভেনের ফ্লেম প্রথমে অল্প রাখবেন, তারপর ধীরেধীরে বাড়ালে বাসন পুড়ে যাওয়ার ভয় কম থাকে।

৩. স্টিলের বাসনে রান্না করার সময় পাত্রে অন্য উপকরণ না দিয়ে প্রথমেই ভুল করেও লবণ দেবেন না। এতে স্টিলের ওপরের প্রলেপ অনেকসময় উঠে যায়। এছাড়াও ভিনিগার, লেবু বা অ্যাসিডিক কোনও কিছু রান্না করলে রান্নার পর যত তাড়াতাড়ি সম্ভব পাত্র ধুয়ে নেবেন।

৪. স্টিলের বাসনে রান্নার সময় কাঠের স্প্যাচুলা ব্যবহার করাই ভাল। রান্নার পর তেল-মশলা পাত্রে লেগে থাকলে তা জোর করে ঘষে পরিষ্কার না করে কিছুক্ষণ সাবান-পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর পরিষ্কার করে নেবেন।

৫. অনেক জায়গায় পানিতে খুব ক্ষার থাকে। তাই কিছুদিন ব্যবহার করার বাসন ক্ষয় হতে শুরু করে। এক্ষেত্রে বাসনপত্র পানি দিয়ে ধোওয়ার পর ভাল করে মুছে তারপর গুছিয়ে রাখুন। স্টিলের বাসনে লেয়ার উঠতে শুরু করলে ভিনেগার মেশানো পানি দিয়ে পরিষ্কার করে নেবেন।

৬. স্টিলের বাসনের চাকচিক্য দীর্ঘদিন বজায় রাখতে বেকিং পাউডারের একটা পেস্ট বানিয়ে তা দিয়ে বাসন পরিষ্কার করে নিলে বাসন চকচকে থাকবে।

৭. স্টিলের প্যান বা কড়াইয়ের নিচে ম্যাগনেট থাকে, যা বাতাসের আর্দ্রতার সঙ্গে রিঅ্যাক্ট করে নষ্ট হয়ে যায়। এজন্যে স্টিলের পাত্রে তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে মুছে নেবেন।

৮. স্টিলের বাসনপত্র রাখার জন্যে আলাদা তাক ব্যবহার করতে পারলে ভাল হয়।