যেসব রক্তের গ্রুপের মানুষের ডায়াবেটিসের ঝুঁকি বেশি

ডায়াবেটিস এমনই অসুখ যে একবার আক্রান্ত হলে সারাজীবন বয়ে চলতে হয়। মেনে চলতে হয় কঠোর সব জীবনধারা। 

অস্বাস্থ্যকর জীবনধারা ছাড়াও আরো অনেক বাহ্যিক কারণ রয়েছে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। আর এর অন্যতম প্রধান একটি কারণ আমাদের রক্তের ধরন।

২০১৪ সালে ডায়াবেটোলজিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, ইউরোপীয় অ্যাসোসিয়েশনের জার্নাল বলছে "ও গ্রুপ" রক্ত ছাড়া বাকি ব্যক্তিরা টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮০ হাজার নারীর মধ্যে জরিপ করে দেখা গেছে, সাড়ে তিন হাজারের বেশি নারী টাইপ টু ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছেন এবং এদের মধ্যে বেশির ভাগেরই রক্তের গ্রুও "ও" নয়।

একই গবেষণায় পাওয়া যায় "বি" গ্রুপের অধিকারী ব্যক্তিরা ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকিতে সবার চেয়ে এগিয়ে।

গবেষণায়, "ও" রক্তের গ্রুপের নারীদের তুলনায় "এ" রক্তের গ্রুপের নারীদের ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্ভাবনা ১০ শতাংশ বেশি। আর "বি" রক্তের গ্রুপের বেলায় এই হার প্রায় ২১ শতাংশ বেশি।

ডায়াবেটিসের ঝুঁকি এবং এর সাথে রক্তের প্রকারের কি সম্পর্ক তা অজানা থাকলেও গবেষকদের ধারণা, রক্তে নন-উইলিব্র্যান্ড ফ্যাক্টর নামক একটি প্রোটিন "ও" গ্রুপ ছাড়া বাকি গ্রুপের ব্যক্তিদের মধ্যে বেশি এবং এটি রক্তে শর্করার স্তরকে উন্নত করে গড়ে তোলে। 

গবেষকরা আরও জানান, এই রক্তের ধরনগুলো বিভিন্ন ধরনের ডায়াবেটিসের সাথে সংযুক্ত বলে পরিচিত বিভিন্ন অণুর সাথেও যুক্ত।


যদি কেউ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন তবে এটি তাদের দেহের শর্করার নিয়ন্ত্রণ ও ব্যবহারের পদ্ধতিকে প্রভাবিত করবে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেবে। তাইস সঠিক চিকিৎসা করা না হলে  এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।