যারা ঘুরতে ভালোবাসেন তাদের কাছে পাহাড় বরাবরই পছন্দের। সেক্ষেত্রে দেশেই রয়েছে যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তি পেতে প্রকৃতির খুব কাছ থেকে পাহাড়েরর সৌন্দর্য্য উপভোগের সুযোগ। নিম্নভূমির দেশ বাংলাদেশে পাহাড়ী অঞ্চল বলতে দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম পাহাড়, উত্তর-পূর্বে সিলেটের নিম্ন পাহাড় আর উত্তর ও উত্তর-পশ্চিমে কিছু উচ্চভূমি। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়গুলোর আশ্রয়স্থল দেশের একমাত্র উল্লেখযোগ্য পার্বত্য প্রণালী চট্টগ্রাম, যেখানে অন্তত ৭৫টি পাহাড় রয়েছে। এগুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ থেকে ৩,৩০০ ফুট পর্যন্ত উচু। দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পর্বতশ্রেণীটি প্রায় ১৩,১৮৪ বর্গকিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা বাংলাদেশের মোট ভূমি এলাকার এক দশমাংশ। এই অঞ্চলের মাটি প্রধানত বাদামী দোআঁশ থেকে বেলেপাথরের হয়। এগুলোতে প্রচুর পরিমাণে অম্ল বিদ্যমান। পাহাড় জীববৈচিত্র্যে এক অপরিপেয় ভান্ডার। আসুন জেনে নিই বাংলাদেশের কোন পাহাড়গুলো ৩,০০০ ফুটের অধিক উচ্চতার।
বাংলাদেশে অবস্থিত ৩০০০ ফুটের অধিক ১৪টি পাহাড় চূড়া
কেওক্রাডং চূড়া
৪,০৩৫ ফুট উচু এই আকর্ষণীয় পর্যটন স্থানটি দেশের উত্তর-পূর্বের মিয়ানমারের নিকটবর্তী সীমান্তে অবস্থিত। এটি আসলে বান্দরবান জেলার রেমাক্রি মৌজার থাইখং পাড়ার কাছে অবস্থিত। যদিও এটিকে বাংলাদেশের ৪,০৪০ ফুটের সর্বোচ্চ চূড়া বলে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়, সাম্প্রতিক এসআরটিএম (শাটল রাডার টপোগ্রাফি মিশন) ডেটা, জিপিএস রিডিং এবং রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপিং-এ এর প্রকৃত উচ্চতা ধরা পড়ে ৩,৩০০ ফুটের কম।
কেওক্রাডং এর চূড়ায় একটি ছোট আশ্রয়কেন্দ্র এবং বাংলাদেশি সামরিক বাহিনী কর্তৃক ১০,৪০৭ ফুট উচ্চতা ঘোষণা করা একটি সাইনবোর্ড রয়েছে। গারমিন জিপিএস এই অবস্থানে ৩,১৯৬ ফুট রেকর্ড করেছে। পাশাপাশি আরও একটি ভিন্ন দল জিপিএস দিয়ে ৩,২৩৫ ফুট পরিমাপ করেছে। পরের এই দুটি পরিমাপগুলো রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপিং এবং এসআরটিএম ডেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সাকা হাফং
বাংলাদেশের এই সর্বোচ্চ শৃঙ্গটির নামকরণ হয়েছে মুলত স্থানীয় ত্রিপুরা উপজাতির গোত্রীয় নাম থেকে। চূড়াটি ৮,৪১২ ফুট উচ্চতায় অবস্থিত, যার জিপিএস(গ্লোবাল পজিশনিং সিস্টেম) রিডিং সর্বপ্রথম রেকর্ড করা হয়েছিল ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ইংরেজ অভিযাত্রিক জিঞ্জ ফুলেনের মাধ্যমে। তিনি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাবের প্রতিনিধিত্ব করছিলেন। এটি বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মৌদক পর্বতশ্রেণীতে অবস্থিত।
এর চারপাশে আছে থানচি, বান্দরবান, বাংলাদেশ এবং মায়ানমারের চিন রাজ্য। ২০০৭ সালে প্রথম বাংলাদেশি অভিযাত্রিক দল এই পাহাড়ে উঠতে সক্ষম হয়। দলটির নেতৃত্বে ছিলেন ইয়াহিয়া খান এবং পরবর্তীতে এভারেস্ট পর্বতারোহী সজল খালেদ তাদের সঙ্গে যোগ দেন। ২০১১ সালে দুটি প্রবাসী দলের রেকর্ড থেকে সাকা হাফং এর উচ্চতা পাওয়া যায় ৩,৪৮৮ ফুট এবং ৩,৪৬১ ফুট।
সাকা হাফংজৌ ত্লাঙ/রিঅ্যাঙ হাফঙ
মৌদক রেঞ্জের এই চূড়াটি ৩,৩৫৩ ফুট উচ্চতায় অবস্থিত। বাংলা ট্রেক অনুসারে, এটি দেশের দ্বিতীয়-সর্বোচ্চ শৃঙ্গ, যদিও এটি এখনও বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি। তবে উচ্চতার র্যাংকিং-এ নয়; এর বিশেষত্ব অন্য জায়গায়। আর তা হচ্ছে এর সবথেকে দূর্গম পাহাড়ী পথ। এর কঠিন আরোহণের পথ এটিকে অন্য পাহাড় থেকে আলাদা করে তুলেছে। সব ট্র্যাকাররাই নির্দ্বিধায় স্বীকার করেছেন, যে বাংলাদেশের পাহাড়গুলোর মধ্যে জৌ ত্লাং এর ঢালে আরোহণ করা সবচেয়ে কঠিন।
পাহাড়শৃঙ্গের নামটি এসেছে স্থানীয় বাওম ভাষা থেকে। “জৌ” নামটি “মিজৌ” বোঝায়, যে শব্দটি মুলত ভারতের মিজোরাম থেকে উৎপন্ন হয়েছে। বাওম ভাষায় “ত্লাঙ” মানে পাহাড়। আর অফিসিয়াল নাম “মৌদক মুয়াল” এসেছে আমেরিকান এবং রাশিয়ান টপোগ্রাফিক মানচিত্র থেকে।
আইয়াং ত্লাং
রামা মানিক্য হাফং/আইয়াং ত্লাং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে আরেকটি পর্বত। ১৯৮০-এর দশকে স্থানীয় বাওম জাতিগত সম্প্রদায়ের ভ্যান রৌসাং বম এই পাহাড়টি আবিষ্কার করেন। তিনি ছিলেন বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি মৌজার দালিয়ান হেডম্যান পাড়ার স্থানীয় “বম নৃতাত্ত্বিক সম্প্রদায়ের” লোক।
২০১৯ সালের ১৩ নভেম্বর প্রকৌশলী জ্যোতির্ময় ধর প্রথম বাংলাদেশি যিনি এই পাহাড়ে আরোহণ করেছিলেন। এ সময় জিপিএস রেকর্ড অনুসারে আইয়াং ত্লাং-এর উচ্চতা হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২৯৮ ফুট উঁচু। ২০২০ সালে, আইয়াং ত্লাং বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হিসাবে নিশ্চিত করা হয়েছিল।
দুমলং/ম্শা পাঞ্জি হাফং
২০১১ সালে ওয়াদুদ মহসিন রুবেল তার তিন ভ্রমণ সহযোগী আসিফ আমিনুর রশিদ, নাগিব মেশকাত এবং আব্দুল হকের সাথে তাদের গার্মিন দ্বারা করা পরিমাপের ভিত্তিতে এই পাহাড়টিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় বলে দাবি করেন। জিপিএস অনুসারে উচ্চতা পাওয়া গিয়েছিল ৩,৩১৪ ফুট।
এই অভিযানের কয়েক মাস পর জাকিউল দীপের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকদের একটি দল ৩,৩১২ ফুট উচ্চতা পরিমাপ করেন। পরে বিডি এক্সপ্লোরারের ফাহিম হাসানের নেতৃত্বে তৃতীয় আরেকটি দল চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়। দুমলং এর উচ্চতা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এটি দেশের দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ পাহাড় কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবুও এটি প্রকৃতপক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ৩ হাজার ফুটেরও বেশি।
২০১৪ সালে, বেশ কয়েকটি দল জৌ ত্লাঙ-এর চূড়ায় আরোহণ করেছিল, এবং তাদের রেকর্ড অনুযায়ী, দুমলং বাংলাদেশের তৃতীয়-উচু পাহাড়।
মাইথাই জামা হাফং
৩,১৭৪ ফুট উচু এই পাহাড় চূড়া বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। রাঙ্গামাটির বিলাইছড়িতে অবস্থিত এই স্থানের রেকর্ডটি এখনো বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি। দুমলং-এর পরে এটিই রেং ত্লাং রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
২০১৪ এর ৭ ডিসেম্বর অ্যাডভেঞ্চার টিম বিডি এক্সপ্লোরারের সদস্য ঢাকার ফাহিম হাসান স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় মাইথাই জামা হাফং এর চূড়ায় উঠেছিলেন। গারমিন জিপিএস ডিভাইসের মাধ্যমে এ সময় প্রথমবারের মতো ৩,১৭৩ ফুট উচ্চতা পরিমাপ করা হয়। "মাইথাই জামা হাফং" নামটি এসেছে ত্রিপুরা ভাষা থেকে। এর অর্থ হলো "উদ্ভিদের জন্য খারাপ পাহাড়ি জায়গা।" চূড়া থেকে অসাধারণ ঝিরি পথের দৃশ্যের এক অমোঘ হাতছানিতে পর্যটকরা বারবার সেখানে ফিরে যেতে চান।
থিঙদোলতে ত্লাঙ
বান্দরবানের রুমাতে অবস্থিত থিঙদোলতে ত্লাঙ শিখরটি “ল্যাম্বক রো” রেঞ্জের সর্বোচ্চ বিন্দু। ২০১২-এর ডিসেম্বরে বিডি এক্সপ্লোরারের অভিযাত্রী ফাহিম হাসান এই পবর্ত-এর চূড়ায় আরোহন করেছিলেন। তিনিই প্রথমবারের মতো এর উচ্চতা পরিমাপ করেছিলেন, যা ছিলো ৩,১৪৯ ফুট।
এর নিকটতম জনবসতি থিঙদোলতে গ্রাম নামে পরিচিত। এই শব্দটি মুলত বাওম ভাষা থেকে উদ্ভূত। এই গ্রামের নামেই এই চূড়ার নামকরণ করা হয়েছে। বিডি এক্সপ্লোরার টিমও স্থানীয় আদিবাসীদের মতই একই নামে চূড়াটির নাম লিপিবদ্ধ করে নেয়। পর্যটকরা বান্দরবান জেলার রুমা দিয়ে প্রবেশ করে খুব সহজেই এই চূড়ায় পৌঁছে যেতে পারেন।
মুখরা থুথাই হাফং
বাংলাদেশের এই সীমান্ত চূড়াটি রাঙ্গামাটি পার্বত্য জেলার বেলাইছড়ির দক্ষিণাংশে অবস্থিত। ২০১৩ সালের এপ্রিল মাসে বিডি এক্সপ্লোরারের ফাহিম হাসান প্রথমবারের মতো এই পাহাড়ের চূড়ায় উঠেছিলেন। অতঃপর তার মাধ্যমেই পরিমাপকৃত ৩,১২৯ ফুট উচ্চতা প্রথমবারের মত সংগৃহীত হয়।
মুখরা থুথাই হাফং নামটি এসেছে ত্রিপুরা ভাষা থেকে। নিকটতম জনবসতি ধুপানিচোরা পাড়া নামে পরিচিত। স্থানীয় আদিবাসীদের ডাকা নামটিকেই বিডি এক্সপ্লোরার পাহাড়শৃঙ্গটির চূড়ান্ত নাম হিসেবে লিপিবদ্ধ করে। রেং ত্লাং রেঞ্জের এই চূড়ায় সহজে পৌছার জন্য পর্যটকগণ বান্দরবান জেলার রুমার পথটিকে ব্যবহার করে থাকেন।
ক্যাপিটাল চূড়া
থাইকেং পাড়ার কাছে পলিতাই রেঞ্জের ক্যাপিটাল স্বতন্ত্র, সুন্দর এবং খুব নজরকাড়া এক পাহাড় চূড়া। এই সমতল পর্বতের চূড়াটি একসময় মিজোরামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। তারা এই পাহাড়চূড়াকে তাদের মুক্ত ও স্বাধীন মিজোরামের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করেছিলো। পরে অবশ্য তারা অন্যত্র চলে যায়। কিন্তু তাদের ব্যবহৃত নামটিই অপরিবর্তিত থেকে যায়। বান্দরবানের রুমায় অবস্থিত ৩,০৯৪ ফুট উচ্চতার এই চূড়াটি এখনো স্থানীয়দের কাছে “কাপিটাল” নামেই অধিক পরিচিত।
ক্রেইকুং তাং
বান্দরবানের রুমার অন্তর্গত ৩,০৮৩ ফুট উচু এই শিখরটি “লম্বক রো” রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ বিন্দু। ২০১২-এর ডিসেম্বরে বিডি এক্সপ্লোরারের পক্ষ থেকে স্থানীয় অভিযাত্রী ফাহিম হাসান-ই এই চূড়ায় উঠেছিলেন। তিনিই প্রথমবারের মতো এর উচ্চতা পরিমাপ করেছিলেন, যা এখন পর্যন্ত সর্বজন বিদিত।
ক্রেইকুং তাং নামটা দিয়েছে মুলত থিঙদোলতে গ্রামের স্থানীয় আদিবাসীরা। শব্দটির উৎপত্তি ঘটেছে স্থানীয় মারমা ভাষা থেকে। বাংলাতে এর অর্থ দাড়ায় মাছ পাহাড়। তবে ন্যারাম্ম ত্ল্যাং নামটিও প্রচলিত আছে, যেটি মুলত বম ভাষা থেকে উদ্ভূত। এই চূড়ায় চড়ার সহজ উপায় হলো বান্দরবান জেলার রুমার পথ ধরে যাত্রা করা।
সিপি আরসুয়াং
২,৯৪০ ফুট উচ্চতার এই শৃঙ্গটি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রোয়াংছড়িতে অবস্থিত। বিভিন্ন আদিবাসী ভাষায় পাহাড়ের নাম ভিন্ন ভিন্ন। বম জাতি একে বলে সিপ্পি, তঞ্চঙ্গারা বলে রামেতাং, মারমাদের ভাষায় রামাতাং আর পাংখোয়ারা বলে আরসুয়াং, যার অর্থ মোরগের ঝুঁটি। এছাড়া অনেকে রামজুম নামেও ডাকে।
সিপ্পি পাড়া থেকে দেখা যায় এমন তিনটি চূড়ার মধ্যে সবচেয়ে দক্ষিণের শিখরটি হচ্ছে সিপ্পি। মাঝখানেরটি আরসুয়াং আর ডানেরটির কোনো নাম নেই। এই ট্রেকটি মাত্র তিন দিনে শেষ করা যায়। রনিনপাড়া থেকে সিপ্পি ট্রেইল ধীরে ধীরে আকাশচুম্বী হয়ে গেছে। শঙ্খামুনি পাড়া সহ সিপ্পি থেকে বেশ কিছু পাড়া দেখা যায়। অনেক আগে সিপ্পির শীর্ষে একটা ব্রিটিশ ক্যাম্প ছিল।
তাউং প্রাই
এটি রেং ত্লাং সীমান্ত রেঞ্জের খুব সুন্দর একটি গম্বুজ আকৃতির পাহাড়চূড়া, যার অবস্থান রাঙ্গামাটি জেলার সবচেয়ে দক্ষিণ-পূর্বে বেলাইছড়িতে। এটি বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে রেং ত্লাং রেঞ্জের সর্বশেষ প্রধান শিখরও বটে। মেঘে ঢাকা চূড়া থেকে দেখা আশেপাশের অপার্থিব দৃশ্য মন ছুঁয়ে যায়। তাউং প্রাই একটি মারমা শব্দ, যার অর্থ "উল্টো পাহাড়"।
২০১৩ সালের ৬ নভেম্বর ফাহিম হাসান সহ বিডি এক্সপ্লোরারের সদস্যরা তাউং প্রাইয়ের চূড়ায় আরোহন করেছিলেন। এ সময়ই প্রথমবারের মতো গারমিন জিপিএস ডিভাইসের মাধ্যমে ২,৯৫৯ ফুট উচ্চতা পরিমাপ করা হয়। এই পাহাড় চূড়ার সর্ব নিকটবর্তী গ্রাম কেস পাই। এই শব্দটি স্থানীয় খুমি ভাষা থেকে উদ্ভূত।
তিনমুখ/তিনমাথা স্তম্ভের চূড়া
রাঙ্গামাটির বেলাইছড়িতে অবস্থিত এই সীমান্ত স্তম্ভ বাংলাদেশ, মায়ানমার এবং ভারত সীমান্তের মিলনস্থলকে চিহ্নিত করেছে। "মুখরা থুথাই হাফং" এবং "লাইসরা হাফং" পাহাড় দুটির মাঝে একটি চূড়ার উপরে এর অবস্থান। রেং ত্লাং রেঞ্জের এই চূড়াটির তিন দেশের সীমান্তের দিকে মুখ দেখে আক্ষরিক অর্থেই এর নামকরণের সার্থকতা বোঝা যায়। ২,৯১২ ফুট উচ্চতার এই স্থানটি দুটি উঁচু পাহাড়ের মাঝে ছোট এক পাহাড়ি এলাকা। এই শিখর থেকে নামার পথে উভয় পাশে চোখে পড়বে ভারত এবং মিয়ানমারের মোহনীয় বিশাল ল্যান্ডস্কেপ।
তাজিং ডং
বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হওয়ায় তাজিং ডং বা বিজয় পাহাড় নামের শৃঙ্গটি বাংলাদেশি পাহাড় বিলাসী পর্যটকদের সবথেকে প্রিয় জায়গা। ৪,২০০ ফুট উচ্চতা দাবি করা হলেও রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপিং বা এসআরটিএম ডেটায় ৩,৩০০ ফুটের বেশি দেখায় না।
এর অবস্থান বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত সাইচোল পর্বতমালায়। রুমা উপজেলার সদর থেকে এর দূরত্ব ২৫ কিলোমিটার। এই চূড়ার কাছে একটি আদিবাসী গ্রাম রয়েছে। স্থানীয় উপভাষায় "তাজিং" মানে বড় বা সর্বোচ্চ এবং "ডং" মানে পর্বত বা চূড়া। তাই "তাজিং ডং" মানে "সর্বোচ্চ পর্বত"।
বাংলাদেশের ৩,০০০ ফুটের অধিক পাহাড় চূড়াগুলো দেশের পর্বত কেন্দ্রিক পর্যটন শিল্পের সম্পদ। শুধুমাত্র ভৌগলিক অবস্থানই নয়, এই পাহাড়গুলো আঞ্চলিকতা, ঐতিহ্যগত জ্ঞান, উপজাতীয় জীবনধারা, এবং অনন্য প্রকৃতির পরিচায়ক। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পার্বত্য পর্যটন উন্নয়ন স্থানীয় জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সুবিধা নিশ্চিত করতে পারে। এছাড়া স্থানীয় পরিবেশের ক্ষয় রোধ, জৈবিক অখণ্ডতা রক্ষা, সংরক্ষণ শিক্ষার প্রসার এবং সঠিক ব্যবহারের জন্য অর্থনৈতিক সুবিধার মাধ্যমে বাস্তুতন্ত্রকে রক্ষার ব্যবস্থা করা যেতে পারে। ফলশ্রুতিতে এই পার্বত্য অঞ্চলগুলো পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করতে পারবে।