বিয়ে করতে চায় না প্রেমিক, গুলি চালাল প্রেমিকা!

প্রেম নিয়ে কত সিনেমা, কত কাহিনি, তবে সবকিছুই হার মেনেছে ভারতের পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে, এক নাবালিকা প্রেমিকার কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার (১৫ ডিসেম্বর) রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে প্রেমিকের সঙ্গে দেখা করতে তাকে ডেকে পাঠিয়েছিল প্রেমিকা। দেখা হতেই প্রেমিককে জড়িয়ে চুম্বন করে সে। এরপরই প্রেমিকের বুকের কাছে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেয় ওই প্রেমিকা। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রেমিক। 

জানা গেছে, শহরটির কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা লালচাঁদ শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্ত প্রেমিকার। প্রায় তিন বছর ধরে তাদের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় বলে পুলিশকে জানিয়েছেন ভুক্তভোগী লালচাঁদ। প্রেমিকাকে বিয়ে করতে চাইছিলেন না তিনি। 

ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরপর থেকে পলাতক ছিল অভিযুক্ত। পরে মোবাইল ট্রেস করে তাকে শনাক্ত করে পুলিশ। অভিযুক্ত ওই প্রেমিকা নাবালিকা বলে জানিয়েছে পুলিশ।