খাবার থেকে সিরিজ-সিনেমা কোরিয়ান ঘরানার জনপ্রিয়তা সর্বত্র। কোরিয়ান রূপচর্চা পণ্যের জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ। তবে কমেনি ঘরোয়া পদ্ধতির জনপ্রিয়তা। বরং, এখন কোরিয়ান পদ্ধতিতে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে আগ্রহী হচ্ছেন অনেকে। বিশেষত, কাঠফাটা রোদে বিবর্ণ হাত-পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে কোরিয়ান ফেসপ্যাক সার্চ করা হচ্ছে গুগলে। রূপচর্চার প্রাকৃতিক উপাদানগুলো কোরিয়ান পদ্ধতিতে ব্যবহার করলে রোদে পোড়া ত্বকের সৌন্দর্য ফিরে আসবে সহজেই।
টমেটো ও মধু: রোদে পোড়া ত্বকের ট্যান তুলতে দারুণ সহায়ক টমেটো। টমেটোতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের পুরোনো দাগ, রোদে পোড়া দাগ তুলতে কার্যকর। মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখে। কমায় ব্রণের সমস্যাও। টমেটো পেস্টের সঙ্গে মধু মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-১ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
টক দই ও হলুদ: কোরিয়ায় আয়ুর্বেদিক পদ্ধতিতেও ত্বকের যত্ন নেওয়া ব্যাপক জনপ্রিয়। এক্ষেত্রে দুটি উপকারী উপাদান টক দই ও হলুদ। দুই চামচ টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদের গুড়ো মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ট্যান পরিষ্কারের পাশাপাশি ত্বকের সমস্যাও কমাবে।
পাকা পেঁপে ও চালের গুড়া: কোরিয়ানরা রূপচর্চার ক্ষেত্রে চালের পানি, চালের গুড়ার ব্যবহার করে সবচেয়ে বেশি। চালের গুড়ার সঙ্গে পাকা পেঁপে পেস্ট করে মুখে মাখুন। পনেরো পর হালকা হাতে স্ক্র্যাব করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ট্যানের পাশাপাশি ত্বক থেকে মরা চামড়াও পরিষ্কার করে দেবে।
মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল: তৈলাক্ত ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা, ব্যাক্টেরিয়া পরিষ্কার সরিয়ে দেয় মুলতানি মাটি। অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ব্রণের সমস্যা কমায়। মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। মুখে মাখার পর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।