অনেক শিশুই রয়েছে যারা দিনের বেশিরভাগ সময় ইউটিউব দেখে। ভিডিও দেখাকালীন এমন অনেক ভিডিও সামনে আসে যা তাদের জন্য উপযুক্ত নয়। এছাড়াও ইউটিউবে বর্তমানে ইউটিউব শর্টস চালু হয়েছে যেখানে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুরাও আসক্ত হয়ে পড়ঠে। তাই চলুন শিশুদের জন্য ইউটিউব নিরাপদ রাখার কয়েকটি কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক।
অপ্রয়োজনীয় কনটেন্ট ব্লক করে রাখা
এমন অনেক ধরনের কনটেন্ট থাকে যা শিশুদের জন্য অনুপযোগী। এসকল কনটেন্টের পেজে গিয়ে তাদের সাবস্ক্রাইবার অন করা থাকলে তা সরিয়ে নেওয়া। পেজের উপরে ডান দিকে থ্রি ডট চিহ্ন থেকে অপশন বার সিলেক্ট করা। তারপর সেখান থেকে ব্লক অপশনে ক্লিক করে ব্লক করা। এতে ইউটিউবের পর্দায় এ ধরনের কোনো কনটেন্ট সামনে আসবে না।
সার্চ ডিজেবল করে রাখা
শিশুদের জন্য প্রয়োজনীয় বা মজাদার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখে সার্চ ডিজেবল করে রাখা। এতে শিশুরা তাদের পছন্দানুযায়ী ভিডিও সার্চ করতে পারবে না। ইউটিউব বারে যেসকল ভিডিও প্রদর্শিত হবে সেগুলো দেখতে পারবে।
নিয়মিত ওয়াচ হিস্ট্রি দেখুন
মাঝে মাঝে শিশুদের ইউটিউব দেখার পর তাদের ওয়াচ হিস্ট্রি দেখা। তারা কি ধরনের ভিডিও দেখছে তা পর্যবেক্ষণ করা। ইউটিউবে একটি অ্যাকাউন্ট দিয়ে কী কী ভিডিও দেখা হলো, তার একটি তালিকা ওয়াচ হিস্ট্রিতে সংরক্ষিত থাকে। সেখানে চোখ রাখলেই শিশু কী ধরনের কনটেন্ট দেখছে, তা সম্পর্কে ধারণা পাবেন।
রেস্ট্রিক্টেড মোড চালু করা
বাড়তি সতর্কতা হিসেবে ইউটিউবের রেস্ট্রিক্টেড মোড চালু রাখলে ফিডে শিশুর জন্য উপযোগী নয় এমন কনটেন্ট সামনে চলে আসার আশঙ্কা কম থাকে। যদিও এটি শতভাগ কার্যকর নয়, তবে বেশির ভাগ পরিণত, অনুপযোগী কনটেন্ট ফিল্টার করে ফিড শিশুর জন্য উপযোগী করে রাখতে পারে। অ্যাকাউন্ট সেটিংস অপশন থেকে এ সুবিধা চালু করা যায়।
অনুপযোগী কনটেন্টে নট ইন্টারেস্টেড
আপনি আপনার শিশুকে যে ধরনের কনটেন্ট বা শর্টস দেখাতে চান না, সেগুলোকে “নট ইন্টারেস্টেড” হিসেবে চিহ্নিত করে রাখুন। এভাবে কয়েকটি অনুপযোগী ভিডিও চিহ্নিত করা গেলে ইউটিউবের অ্যালগরিদম বুঝে যাবে কোন ধরনের ভিডিও আপনি ফিডে দেখতে চান, আর কোনগুলো চান না। পরবর্তী সময়ে ইউটিউব ফিডে সে ধরনের কনটেন্ট আসা বন্ধ হবে।
ইউটিউব কিডস ব্যবহার
সাধারণ ইউটিউব ছাড়া শিশুদের জন্য রয়েছে ইউটিউব কিডস। অ্যান্ড্রয়েড, আইফোনে এ অ্যাপসটি ব্যবহার করা যায়। ইউটিউব কিডস মূলত শিশুদের উপযোগী কনটেন্টসমৃদ্ধ ইউটিউবেরই একটি বিশেষ প্ল্যাটফর্ম। এটি কনটেন্টগুলোর উপযোগিতা বুঝে শিশুদের দেখার পরামর্শ দিয়ে থাকে। আবার বিশ্বব্যাপী শিশুরা যে কনটেন্টগুলো বেশি দেখে, সেগুলোকে সামনে এগিয়ে রাখে। ফলে বৈশ্বিকভাবে শিশুরা একই ধরনের কনটেন্ট দেখে, শেখে। শিশুদের ইংরেজি শেখানোর জন্যও অনেক অভিভাবক ইউটিউব কিডস ব্যবহার করেন। এতে প্রাপ্ত বয়স্কদের কনটেন্ট রাখা হয় না।
একসঙ্গে দেখা
শিশু কি ধরনের ভিডিও দেখছে তা আপনিও তার পাশে বসে দেখুন। এতে আপনার সঙ্গে শিশুর বন্ধন দৃঢ় হবে। সে কী দেখছে, তার ওপর নজরদারিও করতে পারবেন। শিশুর সঙ্গে তার উপযোগী কনটেন্ট নিয়ে আলাপ–আলোচনাও করতে পারবেন। এর ফলে আপনার ও আপনার শিশুর ভেতর ভালো বোঝাপড়া আর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরিতেও সুবিধা হবে।
শিশুকে বুঝিয়ে বলুন
ইউটিউব শর্টস বা প্ল্যাটফর্মটির নিরাপদ ব্যবহার নিয়ে তার সঙ্গে খোলামেলা আলাপ করুন। ইউটিউবে সে কী ধরনের কনটেন্ট দেখে, তা নিয়ে আলোচনা করুন। বিশেষ কিছু কনটেন্ট কেন শিশুর জন্য অনুপযোগী, তাকে বুঝিয়ে বলুন।
ইউটিউব শর্টস বন্ধ রাখুন
শিশুরা যাতে ইউটিউবের প্রতি আসক্ত না হয় তার জন্য ইউটিউবের শর্টস অপশনটি বন্ধ রাখা। তবে সরাসরি ইউটিউব শর্টস বন্ধ রাখার কোনো উপায় নেই। ইউটিউব অ্যাপের পুরোনো ভার্সনগুলোয় শর্টস দেখার সুবিধা নেই। সেই ভার্সনগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপল স্টোর বা প্লে স্টোরে অবশ্য পুরোনো ভার্সনের অ্যাপ ডাউনলোডের সুযোগ নেই।
অ্যাপ ব্লক করে দিন
অনেক সময় অভিভাবকরা মনে করতে পারেন যে উপরোল্লিখিত কেনো কিছুতেই যদি কাজ না হয়, আর ইউটিউব যদি শিশুর জন্য ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে ডিভাইস থেকে অ্যাপটি ব্লক করে রাখতে পারেন। এতে শিশুরা অ্যাপটি ইনস্টল করতে পারবে না।