নতুন বছরকে স্বাগত জানানোর একটি বিশেষ মুহূর্ত থার্টি ফার্স্ট নাইট, অর্থাৎ বছরের শেষ রাত। নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেরই থাকে নানান রকম পরিকল্পনা। আবার অনেকেই এ দিন বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এজন্য কিছু সৃজনশীল পরিকল্পনা দিনটিকে করে দিতে পারে স্মরণীয়।
সুসংগঠিত পরিকল্পনা
যেকোনো সুন্দর আয়োজনের জন্য প্রয়োজন একটি সুসংগঠিত পরিকল্পনা। থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে- আয়োজনটি কোথায় করতে চান। ঘরে হবে নাকি ছাদে, সেটা ঠিক করে নিন। জায়গার ওপর নির্ভর করে খাবারের মেনু, ঘরের সাজসজ্জা, বিনোদনের আয়োজন, বিশেষ মুহূর্তের জন্য রাখুন কিছু চমক।
অতিথি তালিকা
কতজনকে আমন্ত্রণ জানাবেন, তা নির্ভর করবে আপনার জায়গার ওপর। যদি বাসার ছাদে আয়োজন করতে চান, তাহলে বিকেলের মধ্যে শেষ করে ফেলা ভালো। কারণ, সরকারিভাবে বাসার ছাদে রাতের আয়োজনকে নিরুৎসাহিত করা হয় প্রতিবছর।
বারবিকিউ পার্টি
আনন্দের মাত্রাকে দ্বিগুণ করতে আয়োজন করা যেতে পারে বারবিকিউ পার্টির। আবার বারবিকিউ পার্টি করলে রুটি, নান বা পরোটা রাখুন। মিষ্টিমুখ করতে পুডিং, কাপ কেক বা ব্রাউনি রাখতে পরেন।
সেলফি কর্নার
নতুন বছর আসার এই উৎসবে সেলফি বা ছবি তো তোলা হবেই। কিন্তু তার জন্য চাই সাজানো জায়গা। তাই তৈরি করে নিন সেলফি কর্নার। রাখতে পারেন ২০২৪ লেখা ফ্রেম, বেলুন আর আলোকসজ্জা।
খেলার আয়োজন
রাখতে পারেন মজার সব খেলার ব্যবস্থা, যার জন্য থাকবে পুরস্কার। এতে উৎসবে আনন্দের আমেজ পাবেন। উপহার পেয়ে অতিথিরা খুশি হবেন।
মুভি নাইট
থার্টি ফার্স্ট নাইটে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতেই আয়োজন করতে পারেন “মুভি নাইট”। আর এজন্য আপনি চাইলেই আপনার ঘরটি হয়ে উঠবে প্রেক্ষাগৃহ। ঘরে বসে প্রজেক্টরে সিনেমা দেখার মধ্যে আলাদা আনন্দও আছে। এজন্য আপনার প্রয়োজন একটি প্রজেক্টর।
প্রজেক্টরের মাধ্যমে সিনেমা দুইভাবে দেখা যায়-একটা পর্দায়, আরেকটা পর্দা ছাড়া। প্রজেক্টর দিয়ে পর্দা ছাড়া সিনেমা দেখতে চাইলে ঘরের দেয়ালের রং সাদা বা অফ হোয়াইট হলেই হবে। তারপর নির্দিষ্ট দূরত্বে প্রজেক্টর বসিয়ে দেয়ালে আলো ফেললেই ছবি দেখা যাবে।