চুলায় গ্যাসের খরচ বাঁচাতে কী করবেন, জেনে নিন

প্রতিদিন রান্না শেষে গ্যাসের চুলা পরিষ্কার করতেই হয়। এক বেলা পরিষ্কার না করলেই তেল-ময়লা জমে যায়। রান্না শেষ করার পর ভেজা কাপড় ও বাসন মাজার সাবান দিয়ে চুলা মুছে নিলেই হয়। এতেই মোটামুটি তেল, মশলা পরিষ্কার হয়ে যায়। কিন্তু সমস্যা হয় গ্যাসের চুলার বার্নার পরিষ্কারের ক্ষেত্রে।

বার্নার রোজ পরিষ্কার করা হয় না। আর বার্নার পরিষ্কার না হলে তাপও ঠিকমতো বের হয় না। এতে সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাস বেশি খরচ হয়। যাদের প্রিপেইড মিটার আছে তাদের প্রতিমাসে অতিরিক্ত বিল দিতে হয়। আবার যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন তাদের গ্যাস দ্রুত শেষ হয়ে যায়। তাই বার্নার ঠিকমতো পরিষ্কার করা দরকার। কিন্তু কী ভাবে করবেন?

প্রথম ধাপ

রান্না শেষ হওয়া মাত্র বার্নার পরিষ্কার করবেন না। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর পর বার্নারের ঢাকনাগুলো খুলে নিন। একটি পাত্রে ১:১ অনুপাতে পানি ও ভিনেগার নিন। এতে বার্নারগুলো ডুবিয়ে রাখুন। ৩০ মিনিট পর পানি ঝরিয়ে শুকিয়ে মুছে নিন।

দ্বিতীয় ধাপ

৪-৫ চামচ বেকিং সোডা নিন। এতে অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এ বার একটি ব্রাশের সাহায্যে বেকিং সোডার পেস্ট বার্নারে মাখিয়ে রেখে দিন। ভালো করে ঘষবেন। এর পর ৩০ মিনিট অপেক্ষা করুন। তার পর  পানি দিয়ে ধুয়ে নিলেই বার্নার চকচক করবে।

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

রান্না শেষ করা মাত্রই গরম বার্নার পরিষ্কার করবেন না। এতে বার্নারের বারোটা বাজতে পারে। আপনিও হাত পুড়িয়ে ফেলতে পারেন। পুরো ঠান্ডা হওয়ার পর বার্নার পরিষ্কার করুন। পাশাপাশি খুব চেপে বার্নার ঘষবেন না। বার্নার পরিষ্কারের জন্য দাঁত মাজার ব্রাশ ব্যবহার করতে পারেন। এতে বার্নারের ভিতরে জমে থাকা ময়লা সহজেই পরিষ্কার হয়ে যাবে। এ ছাড়া, স্প্রে করা যায় এমন বোতলে পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে রেখে দিন। রান্নার শেষে এই মিশ্রণ স্প্রে করে বার্নার ও গ্যাস ওভেন পরিষ্কার করে নেবেন।