এসি আর ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুতের খরচ কমবে না বাড়বে

বৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র রোদ আর ঘামের প্রকোপ। দুইয়ে মিলিয়ে নাজেহাল অবস্থা। এই সময়ে এসি ছাড়া চলা যাচ্ছে না। তবে এসি চালালেই হু হু করে বাড়ছে বিদ্যুতের বিল। ফলে পকেটে টান পড়ছে। বিদ্যুতের বিল কম রাখতে চান সবাই। অনেকের প্রশ্ন, ঘরে ফ্যান আর এসি একসঙ্গে চালালে সত্যি কী কোনো লাভ হয়? বিদ্যুতের বিল কমে না বাড়ে? আসুন জেনে নেই।

* বিশেষজ্ঞরা বলছেন, এসি আর ফ্যান একসঙ্গে চালানোর উপকারই বেশি। সাধারণত ঘণ্টাখানেক এসি চললে ১.৪ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। কিন্ত এসি আর ফ্যান একসঙ্গে চললে ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। তাই এসি এবং ফ্যান–একসঙ্গে চালালে বিদ্যুতের ব্যবহার কমবে অনেকটাই।

* ঘরে শুধু এসি চললে তা গোটা ঘরে ছড়িয়ে দিতে বেশি সময় নেয়। ফলে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়। এসি এবং ফ্যান একসঙ্গে কাজ করলে, সে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ, ফ্যান চললে এসির বাতাস পুরো ঘরে ছড়িয়ে দিতে সাহায্য করে। ঘর একবার ঠান্ডা হয়ে গেলে একটানা এসি চালানোর প্রয়োজন হয় না। তাই স্বাভাবিকভাবে কমে বিদ্যুতের খরচ।

* এসি এবং ফ্যান একে অপরের মুখোমুখি রাখবেন না। যেদিকে এসির মুখ থাকবে, তার ঠিক পাশে উল্টো দিকে মুখ করে ফ্যান রাখতে হবে।

* ফ্যান এবং এসি দুটিই পরিষ্কার রাখুন। নইলে লাভ হবে না কিছুই। বরং বিদ্যুতের বিল ক্রমশ বাড়বে।