ত্বকের যত্নে গোলাপজল ব্যবহারের উপকারিতা

কিছু প্রসাধনী থাকে যার কোনো বিকল্প হয় না। যেকোনো ধরনের ত্বকেই গোলাপজল ব্যবহার করা যায়। বিশেষ করে এই সময়ে অত্যধিক তাপ, আর্দ্রতা এবং চড়া রোদে ত্বক একেবারেই জেল্লাহীন হয়ে পড়ে। সেই সঙ্গে ত্বকে নানা রকম সমস্যা তো আছেই। ট্যান পড়া ছাড়াও গরম ত্বকের হাজার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয়। এই মৌসুমে তাই ত্বকের চাই বাড়তি যত্ন। তবে গরমে সানস্ক্রিন ত্বকের যত্নের শেষ কথা নয়। ত্বক সতেজ রাখতে তাই ভরসা রাখতে পারেন গোলাপজলে।  উজ্জ্বল ও নরম রাখার পাশাপাশি ত্বককে প্রাণবন্ত করে তোলে এই গোলাপজল। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন থাকায় চোখের নিচে ফুলে যাওয়া ও ত্বকের বলিরেখা দূর করতেও এটি বেশ কার্যকর।

চলুন জেনে নেওয়া যাক ত্বকে গোলাপজল ব্যবহারের উপকারিতা সম্পর্কে।

ঝলমলে ত্বকে

গরম ত্বক বড্ড নিষ্প্রাণ দেখায়। গোলাপজল ত্বকে প্রাণ প্রতিষ্ঠা করে। ভ্যাপসা গরমেও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে গোলাপজলের জুড়ি মেলা ভার। বেশি তাপমাত্রায় ত্বক ভেতর থেকে শুকিয়ে যায়। তার ওপর সূর্যের চড়া আলো তো আছেই। গোলাপজল ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে। গোলাপজলে তুলা ভিজিয়ে মাঝে মাঝে মুখে বুলিয়ে নিতে পারেন। ত্বক সতেজ দেখাবে।

শুষ্ক ত্বকের জন্য গোলাপজল

শীতে প্রায় সব ধরনের ত্বকেরই প্রয়োজন হয় আর্দ্রতা। শুষ্ক ত্বকের জন্য গোলাপজল বেশ উপকারী একটি ময়েশ্চারাইজার। বাড়িতে বানানো গোলাপজল মুখে স্প্রে করুন। প্রতি রাতে অনুসরণ করুন এই রুটিন। এছাড়া ময়েশ্চারাইজারের সঙ্গেও গোলাপজল মিশিয়ে নিতে পারেন। তাহলে সহজেই ত্বকের সঙ্গে মিশে যাবে গোলাপজল।

জ্বালাপোড়া কমাতে

বাইরে বেরোলেই কড়া রোদে ত্বক পুড়ে যাচ্ছে। ‘‘সানবার্ন’’-এর জ্বালা, অস্বস্তি কমাতে গোলাপজল সত্যিই দারুণ কার্যকরী। সানস্ক্রিন মেখে রোদে বেরোলেও অনেক সময় ত্বকে ইরিটেশন হয়। গোলাপজল ব্যবহার করলে অনেকটা স্বস্তি পাওয়া যাবে।

টোনার হিসেবে

রূপচর্চার প্রধান ধাপগুলোর মধ্যে অন্যতম টোনিং। অনেকেই বাজারে প্রচলিত নানা টোনার ব্যবহার করেন। তবে এই গরমে কেনা টোনারের পরিবর্তে ব্যবহার করতে পারেন গোলাপজল। টোনার হিসেবে গোলাপজল খুবই ভালো। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত এবং স্পর্শকাতর, গোলাপজল দিয়ে টোনিং করলে ত্বকে মসৃণ, নরম এবং কোমল হবে।

ব্রণ কমাতে

গরমে ত্বকে ব্রণর আনাগোনা বেড়ে যায়। ব্রণ কমাতে অন্য কোনো প্রসাধনীর বদলে ব্যবহার করে দেখতে পারেন গোলাপজল। কারণ গোলাপজলে রয়েছে অ্যান্টিব্যাক্টিরিয়াল উপাদান, যা ব্রণ কমাতে সাহায্য করে। তা ছাড়া এই সময় ঘামও হয় প্রচণ্ড। গোলাপজল ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে।

বাড়িতেই বানিয়ে ফেলুন গোলাপজল

প্রথমেই গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে নিতে হবে। চুলায় পরিমাণমতো পানি ফুটতে দিন। পানি ফুটে গেলে তাতে গোলাপের পাপড়িগুলো ছেড়ে দিন। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এরপর ছেঁকে পানি বের করে নিলেই তৈরি হয়ে গেল গোলাপজল। বোতল বা মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন। চাইলে ফ্রিজে অথবা ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেও সংরক্ষণ করতে পারেন।