কমছে না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১৫২ শিশু।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১,০২০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০২ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,১২২ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৪৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,১০৯। এই সময়ে ১,০০৩ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।