গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১,৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৮২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।