তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিনদিরগিতে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ভয়াবহ এ ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এতে ২৯ জন আহত এবং বেশকিছু ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএড জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ৭টা ৫৩ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এতে দেশের বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ একাধিক প্রদেশে কম্পন অনুভূত হয়।

এএফএড জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে একজন ৮১ বছর বয়সী ব্যক্তিকে উদ্ধার করার পর তিনি মারা যান। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

এএফএড জানায়, ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে আঘাত হানে। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পের মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে নথিভুক্ত করেছে।