সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেলকে সরালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে আবারও করেছেন মুখবদল। সেনাপ্রধানের পর এবার তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।   

বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশ্যালে” ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। এরপর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।  

বন্ডির জায়গায় নিয়োগ করা হবে উপ-অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ-কে, যিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। ব্ল্যাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।  

ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, বন্ডিকে এখন বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ পদে নতুন চাকরি দেওয়া হবে। প্রশাসনে এতদিন বন্ডির কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, “বন্ডি একজন দেশপ্রেমিক ও অনুগত বন্ধু এবং তিনি নিষ্ঠার সঙ্গে বিচার বিভাগ পরিচালনা করেছেন"।

তবে তাকে বরখাস্ত করার কোনো সুনির্দিষ্ট কারণ জানাননি তিনি। যদিও অভ্যন্তরীণ সূত্রের দাবি, এপস্টাইন ফাইল ব্যবস্থাপনা নিয়ে প্রেসিডেন্টের অসন্তোষই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

অন্যদিকে পদত্যাগের বিষয়ে পাম বন্ডি বলেন, “এই দায়িত্ব পালন করা আমার জীবনের বড় সম্মান। আমি দ্রুতই সব কাজ টড ব্ল্যাঞ্চের কাছে হস্তান্তর করব।” তিনি আরও জানান, নতুন ভূমিকাতেও ট্রাম্প প্রশাসনের পক্ষে কাজ করবেন।