স্পেনে বৈধতা পাচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী

স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। 

বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এ উদ্যোগের ফলে স্পেনে থাকা কয়েক হাজার বাংলাদেশিও দেশটিতে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, “প্রায় পাঁচ লাখ মানুষ অনেক দিন ধরে স্পেনে বসবাস করছেন এবং তারা এখন দেশটির সমাজের অংশ, এই উদ্যোগের মাধ্যমে সেটিই স্বীকৃতি দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, অভিবাসীরা স্পেনকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করতে সাহায্য করেছেন। এছাড়া, দেশের বয়স্ক জনসংখ্যা বাড়ায় অর্থনীতি ও জনসেবা চালাতে এসব শ্রমিকের প্রয়োজন রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, কাগজপত্রবিহীন অভিবাসীদের এক বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরে নবায়ন করা যাবে। এজন্য আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে থাকার প্রমাণ ও অপরাধমুক্ত থাকতে হবে। ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন করা যাবে।

তবে বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এতে অবৈধ অভিবাসন আরও বাড়তে পারে।

স্পেনে থাকা বাংলাদেশিরা এই উদ্যোগে খুশি। আল-জাজিরার একটি ভিডিওতে বার্সেলোনায় তাদের আনন্দ করতে দেখা গেছে। 

বাংলাদেশি অভিবাসী মুরুল ওয়াইদ বলেন, এতোদিন কাজ ও থাকার জায়গা না থাকায় জীবন খুব কঠিন ছিল। এখন বৈধ হওয়ার সুযোগ পেয়ে সবাই আশাবাদী।