হরমুজ প্রণালি নিয়ে যে সুখবর দিলো ইরান

হরমুজ প্রণালির ওমান-সংলগ্ন দিক দিয়ে জাহাজগুলোকে কোনো হামলার ঝুঁকি ছাড়া অবাধে চলাচলের জন্য অনুমতি দেওয়ার কথা ভাবছে ইরান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ওই সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সংঘাত ঠেকাতে কোনো চূড়ান্ত চুক্তি হলে এই ছাড় দেওয়া হবে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরান প্রণালির ওমান-নিয়ন্ত্রিত পাশ দিয়ে জাহাজগুলোকে কোনো বাধা ছাড়াই চলতে দিতে পারে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকেও অবাধ চলাচলের অনুমতি দেওয়া হবে নাকি, কিংবা  ইরান ওই অংশে যদি কোনো মাইন বসিয়ে থাকে, তা সরাতে রাজি হবে কি না, এসব নিয়ে কোনো কিছু জানায়নি ওই সূত্র।  

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেয় ইরান। আর এই প্রণালি দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। বর্তমানে হরমুজ প্রণালি নিয়ে ইরানের সিদ্ধান্তের কারণে প্রচুর ট্যাঙ্কার, জাহাজ, ও নাবিকেরা আটকা পড়ে আছে। 

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে, যুদ্ধ প্রায় শেষের দিকে। এদিকে, এ পরিস্থিতির মধ্যেই লেবাননের সঙ্গে আলোচনা বসছে ইসরায়েল।