আংশিক খুলল ইরানের আকাশসীমা

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের চলাচলের জন্য আংশিকভাবে পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) ফরাসি সংবাদ সংস্থা এএফপি তেহরান থেকে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানি কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির ওপর দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় আকাশপথগুলো এখন থেকে ফ্লাইটের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া, স্থানীয় সময় সকাল ৭টা থেকে নির্দিষ্ট কয়েকটি অভ্যন্তরীণ বিমানবন্দরও পুনরায় কার্যক্রম শুরু করেছে বলে সংস্থাটি দাবি করেছে।

তবে সরকারের পক্ষ থেকে আকাশপথ খোলার আনুষ্ঠানিক ঘোষণা আসলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ঘোষণার তিন ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোতে দেখা গেছে, কোনো আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটই ইরানের আকাশসীমা ব্যবহার করছে না।