১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ সন্ন্যাসী গ্রেপ্তার

থাইল্যান্ড থেকে নিজ দেশে ফেরার পথে ১১০ কেজি শক্তিশালী গাঁজাসহ শ্রীলঙ্কার ২২ জন বৌদ্ধ সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাদের আটক করেন।

শ্রীলঙ্কা কাস্টমসের এক মুখপাত্র জানিয়েছেন, সন্ন্যাসীদের এই দলটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চার দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন। তাদের সঙ্গে থাকা লাগেজের ভেতর সুকৌশলে লুকানো ছিল 'কুশ' নামক একটি অত্যন্ত শক্তিশালী উদ্ভিদ-ভিত্তিক গাঁজার স্ট্রেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত গাঁজার বাজারমূল্য অত্যন্ত চড়া। চার দিনের এই বিদেশ সফর শেষে ফেরার পর নিয়মিত তল্লাশির সময় তাদের ব্যাগে বিপুল পরিমাণ মাদকের এই চালানটি ধরা পড়ে। সন্ন্যাসীর বেশে এমন বিশাল পরিমাণ মাদক পাচারের ঘটনায় শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।