তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম দিনেই রাজ্যজুড়ে ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছেন।
মঙ্গলবার (১২ মে) সকালে দায়িত্বগ্রহণের পরই এ নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশ অনুযায়ী, বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা জনবহুল বাস স্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বর্তমানে রাজ্যটিতে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (টাসম্যাক) অধীনে পরিচালিত ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। এরমধ্যে,বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের আশেপাশে অবস্থিত।
রবিবার ৫১ বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল টিভিকে (তামিলনাড়ু ভেট্টি কাজাগাম) এবারের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকে-র দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে দিয়ে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।