নিরাপত্তা শঙ্কায় কলকাতায় মেসির ৭০ ফুট ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত

লিওনেল মেসিকে ঘিরে ভারতে ভক্তদের উন্মাদনা দীর্ঘদিনের। তবে কলকাতায় স্থাপন করা তার ৭০ ফুট উঁচু ভাস্কর্য এবার নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাতাসে দুলতে দেখা যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার ভাস্কর্যটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

সোনালি রঙের এই ভাস্কর্যটি কলকাতার লেকটাউন এলাকার একটি ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা হয়েছিল। লিওনেল মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখানো হয় এতে। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) তত্ত্বাবধানে নির্মিত ভাস্কর্যটি গত ডিসেম্বরেগোট ট্যুর অব ইন্ডিয়াউপলক্ষে উন্মোচন করা হয়েছিল।

সম্প্রতি ভাস্কর্যটি বাতাসে দুলতে দেখা যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। আজ সেখানে কর্মীদের ভাস্কর্যে দড়ি বেঁধে সেটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে দেখা গেছে।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি জানান, সরকারি প্রকৌশলীরা ভাস্কর্যটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রবল বাতাসে এটি দুলছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

তবে ভাস্কর্যটি অপসারণ করাও সহজ হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটি নিরাপদে নামাতে একাধিক বড় ক্রেনের প্রয়োজন হবে। কিন্তু ব্যস্ত এলাকায় কাজটি করতে গেলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখতে হতে পারে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করার প্রয়োজন হতে পারে।

এছাড়া ভাস্কর্যের পাশেই সাবওয়ে থাকায় সেখানে ভারী ক্রেন বসানো নিয়েও জটিলতা তৈরি হয়েছে। ভবিষ্যতে ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।