আগামী ৫ বছর (২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত) রেকর্ড বা প্রায় রেকর্ড উচ্চতায় বিশ্বের গড় তাপমাত্রা বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ২০১৫ সালের পর ১১টি বছর ছিল এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর এবং এই প্রবণতা অব্যাহত থাকবে। এমনকি ২০৩১ সালের আগেই নতুন করে সবচেয়ে উষ্ণ বছরের রেকর্ড ভাঙার সম্ভাবনাও রয়েছে।
ডব্লিউএমও-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৫ বছরের গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প যুগের (১৮৫০–১৯০০) তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। একই সময়ে অন্তত ১ বছর ২০২৪ সালের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ বছর হওয়ার সম্ভাবনা রয়েছে ৮৬ শতাংশ।
সংস্থাটি জানায়, ২০২৬-২০৩০ সময়কালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে অন্তত এক বছরের জন্য হলেও ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করার সম্ভাবনা ৯১ শতাংশ।
এ ছাড়া, আগামী ৫ বছরে আর্কটিক অঞ্চলে শীত মৌসুমে স্বাভাবিকের তুলনায় প্রায় ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
একই সময়ে আফ্রিকার সাহেল, উত্তর ইউরোপ, আলাস্কা ও সাইবেরিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাত এবং অ্যামাজন অঞ্চলে খরার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।