কলকাতা থেকে সরিয়ে ফেলা হয়েছে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার একটি ভাস্কর্য। ভাস্কর্যটিতে দেখানো হয়েছিলো বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপন করছেন মেসি।
সোমবার (১ জুন) স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের পর ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন।
এএফপির এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জির বরাতে বলা হয়েছে, “স্থানীয়দের অভিযোগের পর সোমবার বিকালে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে এর পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ভাস্কর্যটি নির্মিত হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়।
গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে নির্মিত সোনালি রঙের এই বিশাল ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়। উদ্বোধনের সময় অনলাইনে যুক্ত হয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন মেসি।
সম্প্রতি ক্রীড়ামন্ত্রী দায়িত্ব পাওয়া নিতিশ প্রমানিক ভাস্কর্যটিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেন, তার ওই মন্তব্যের কিছুদিনের মধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হলো।