হেনরি নওয়াক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কিছু শীর্ষ পর্যায়ের মন্তব্যকে যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সামাজিক বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করছেন। যদিও কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি, তবে এ মন্তব্যকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেডি ভ্যান্স দাবি করেন, ইউরোপের অভিবাসননীতি এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে হেনরি নওয়াকের মৃত্যু ঘটেছে। তার এ মন্তব্য যুক্তরাজ্যে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
এদিকে ডাউনিং স্ট্রিট নওয়াক পরিবারের আহ্বানের প্রতি সম্মান জানানোর কথা উল্লেখ করে বলেছে, তারা এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে কোনো ধরনের বিভাজন, ঘৃণা বা রাজনৈতিক উত্তেজনা দেখতে চায় না।
হেনরি নওয়াক হত্যাকাণ্ডের দায়ে ভিকরাম ডিগওয়া আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ন্যূনতম ২১ বছরের কারাদণ্ডসহ যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তবে ঘটনার সময় পুলিশের ভূমিকা, বিশেষ করে গুরুতর আহত অবস্থায় নওয়াককে হাতকড়া পরানোর বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও মন্তব্য করে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। লিবারেল ডেমোক্র্যাট পার্টি মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার আহ্বান জানিয়েছে। তবে ডাউনিং স্ট্রিট বলেছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এখনো দৃঢ় ও স্থিতিশীল রয়েছে।
প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।