ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গেছে বলে জানা গেছে।
গত শুক্রবার (১২ জুন) দেশটির পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় এলাকায় নৌকাডুবির ঘটনায় অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে একটি আরবিন নামে পর্যবেক্ষণ সংস্থা। এদের মধ্যে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত এবং ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লিবিয়ার কোস্ট গার্ড ও রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সমুদ্রের তীরে ভেসে আসা কয়েকটি মরদেহ উদ্ধার করেছে তারা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় রুটে আট শতাধিক মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আর গত বছর এই পথে ১,৩০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।
প্রসঙ্গত, ছয়টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে লিবিয়ার। দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় মানবপাচারকারীরা সহজেই বিভিন্ন দেশ থেকে মানুষকে লিবিয়ায় নিয়ে আসে। এরপর তারা এসব মানুষকে রাবারের নৌকা বা অন্য অনিরাপদ ছোট জলযানে তুলে সমুদ্রপথে ইউরোপের দিকে পাঠিয়ে দেয়। এতে অনেকেই পথে দুর্ঘটনার শিকার হন।