এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার ২

নিউইয়র্ক শহরের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সুউচ্চ চূড়ায় উঠে বিশ্ব শান্তির জন্য একটি বড় ব্যানার প্রদর্শন করেছেন এক রুশ যুগল। যাদের দেখে মনে হচ্ছিল, বিয়ের প্রস্তাব দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তবে এই কাণ্ড ঘটানোর পর ওই যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কালো রঙের পোশাক পরা অ্যাঞ্জেলিনা নিকোলাউ (৩৩) ও ইভান কুজনেতসভ (৩২) ম্যানহাটনের ফুটপাত থেকে প্রায় ১,৪৫৪ ফুট (৪৪৩ মিটার) উঁচুতে থাকা ভবনটির অ্যান্টেনা স্পায়ারের কাছে অবস্থান নেন।

আল-জাজিরা, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।   

চূড়ায় পৌঁছে তারা একটি বড় কালো ব্যানার খুলে ধরেন, যাতে সাদা অক্ষরে লেখা ছিল ‘হোয়েন দ্য পাওয়ার অব লাভ বিটস দ্য লাভ অব পাওয়ার, দ্য ওয়ার্ল্ড নোজ পিস’ অর্থাৎ যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে হারিয়ে দেয়, তখনই পৃথিবী শান্তির প্রকৃত রূপ চিনতে পারে। বিখ্যাত রক শিল্পী জিনি হেন্ড্রিক্সের নামে এই ধরনের একটি উক্তি বেশ প্রচলিত আছে।   

দুপুর সাড়ে ১২টার কিছু সময় পর আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই যুগল ধীরগতিতে অ্যান্টেনার ওপর থেকে কিছুটা নিচের প্ল্যাটফর্মে নেমে আসেন। সেখানে ইভান বেয়ারকাস ক্যামেরা সেট করে এক হাঁটু গেড়ে অ্যাঞ্জেলা নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন। নিকোলাউ প্রস্তাবে সম্মতি জানান, মুখোশ খুলে নতুন এনগেজমেন্ট রিং দেখিয়ে বেশ কয়েকটি সেলফিও তোলেন।

এ সময় অ্যাঞ্জেলা নিকোলাউকে তার পরিচিত ক্যাটওম্যান স্টাইলের পোশাকে দেখা যায়। তিনি নিজের আংটি দেখছিলেন এবং ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য ছবি তুলছিলেন। 'রুফটপিং' বা সুউচ্চ ভবনের ছাদে চড়ার বিপজ্জনক অভিযান বিষয়ে এই যুগলকে নিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্স ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল।

ঘটনার খবর পেয়ে নিউইয়র্ক পুলিশের ইমার্জেন্সি সার্ভিসেস ইউনিট  আশপাশের সড়ক বন্ধ করে টাওয়ারে ওঠে। পুলিশের প্রকাশ করা বডিক্যাম ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা টাওয়ারের ভেতরের শেষ দিকের সিঁড়ি বেয়ে উঠে দম্পতিকে নিচে নামার সময় আটক করেন।

নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের বিরুদ্ধে চুরি, বেপরোয়া আচরণ ও অবৈধভাবে প্রবেশের মতো বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তবে তারা এখনো পুলিশি হেফাজতে আছেন কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। তারা কীভাবে কড়া নিরাপত্তা এড়িয়ে ওই অ্যান্টেনা পর্যন্ত পৌঁছালেন, সেটিও এখনও স্পষ্ট নয়।

২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর থেকেই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। এমন এক সময়ে তারা এই কাণ্ড ঘটালেন যখন নিউইয়র্ক শহর এক উৎসবমুখর আমেজে রয়েছে। সেখানে পপ তারকা টেইলর সুইফট ও তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসির বিয়ে এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি চলছে।

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একজন মুখপাত্র এই ঘটনাকে অননুমোদিত হিসেবে বর্ণনা করেছেন। তিনি এক বিবৃতিতে কিছুটা ব্যঙ্গ করে বলেন, ওই যুগল চাইলে ভবনের ১ হাজার ডলার মূল্যের ‘প্রপোজাল প্যাকেজ’ ভাড়া নিয়ে বৈধভাবেই এই আয়োজন করতে পারতেন।

অ্যাঞ্জেলার বাবা রুশ সার্কাস শিল্পী দিমিত্রি নিকোলাউ মেয়ের এই অভিযানের কথা আগে থেকেই জানতেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি যেকোনো দেশের সংবিধান অনুযায়ী ছাদে চড়া একটি স্বাভাবিক বিষয়, এমনকি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও।”