জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে আগুনে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে হাসপাতালটির ছাদের কাঠামোয় আগুন লাগে। দেশটির সংবাদ সংস্থা ডিপিএ হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানায়, নিহত দুইজনই ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
প্রাথমিক খবরে অন্তত ৩০ জন আহত হওয়ার কথা বলা হলেও পরে কর্মকর্তারা জানান, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণের ফলে মাত্র একজন আহত হয়েছেন।
সম্প্রচারমাধ্যম এনডিআরের তথ্য অনুযায়ী, রোগীদের একটি কক্ষে প্রথমে আগুন লাগে। পরে আগুন রেডিওলজি বিভাগের ছাদে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর ১৬০ শয্যার হাসপাতালটি থেকে রোগী এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শহরের একমাত্র হাসপাতালটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
পরে কর্মকর্তারা জানান, শুরুতে ঘটনাস্থলে চিকিৎসকরা স্বাস্থ্যপরীক্ষা করেছেন এমন সব ব্যক্তিকে হিসেবে নিয়ে কয়েক ডজন মানুষ আহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল। পরে দেখা যায়, তাদের অধিকাংশই অক্ষত আছেন।