প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ‘পরীক্ষা’ চালালো চীন

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএলবিএম) পরীক্ষা চালিয়েছে চীন।

সোমবার (৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে বেইজিংয়ের পক্ষ থেকে ঠিক কোন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এদিকে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।  “এ ধরনের পদক্ষেপ এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে”, বলে সমালোচনা জানিয়েছে এ দুই দেশ। 

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর মুখপাত্র সিনিয়র ক্যাপ্টেন ওয়াং সুয়েমেং এক বিবৃতিতে জানান, উৎক্ষেপণ পরীক্ষা ছিল চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণ সূচির নিয়মিত অংশ। এ পরীক্ষার আগে ‘সংশ্লিষ্ট দেশগুলোকে’ এ বিষয়ে অবহিত করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। 
তিনি বলেন, “এই অভিযান আন্তর্জাতিক আইন ও প্রচলিত রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি।”

বর্তমানে পিএলএ নৌবাহিনী দুই ধরনের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনা করে। এগুলো হলো জেএল-২ এবং জেএল-৩। ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের মতে, জেএল-৩-এর পাল্লা এতটাই দীর্ঘ যে দক্ষিণ চীন সাগরসহ চীনের উপকূলবর্তী জলসীমা থেকে উৎক্ষেপণ করেও এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম।