ইরানের ৯০ স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, সতর্ক করে যা বললেন ট্রাম্প

ইরানে টানা দ্বিতীয় রাতের হামলায় প্রায় ৯০টি স্থাপনায় আঘাত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনটিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌঘাঁটি এবং সামরিক সরঞ্জামের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়েছে।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আগের দিন জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।” তিনি সতর্ক করে বলেন, “ভবিষ্যতে এমন হামলা হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক, কোনারাক ও চাবাহারসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ভবিষ্যতে আরো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে।