ফ্লোরিডার বিমানবন্দরের নাম পাল্টে হলো ‘ট্রাম্প’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নামকরণ করা হয়েছে। ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস এ নাম পরিবর্তনের আইনে স্বাক্ষর করেছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় গভীর রাতে এক প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “এটি শিগগিরই বিশ্বের সবচেয়ে সেরা ও দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর একটি হবে!”

বিমানবন্দরটি ট্রাম্প পরিবারের মালিকানাধীন ‘মার-আ-লাগো গলফ রিসোর্ট ও আবাসন’ থেকে অদূরে অবস্থিত। ট্রাম্প ও তার সমর্থকদের উদ্যোগে জাতীয় স্থাপনা থেকে শুরু করে ব্যাংকনোট পর্যন্ত বিভিন্ন জায়গায় তার নাম ও ছবি যুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এটি করা হচ্ছে।

প্রায় অর্ধশতাব্দী ধরে ‘পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে পরিচিত এই বিমানবন্দরে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে পরিচিত বোয়িং ৭৫৭ উড়োজাহাজ অবতরণের মাধ্যমে নাম পরিবর্তন উদযাপন করেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প।

নতুন নামকরণ করা ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দরে’ সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি হাসিমুখে বলেন, “আজ একটি সুন্দর দিন। পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো আর কেউ এতটা ওতপ্রোতভাবে জড়িত নন। সম্ভবত পুরো ফ্লোরিডাতেও নয়।”

এরিক ট্রাম্প আরও বলেন, “বিমানবন্দর থেকে বের হওয়া প্রধান সড়কের নাম আগেই ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রাখা হয়েছে।”

তিনি জানান, এখন থেকে পাম বিচে উড়ে আসা যাত্রীদের টিকিটে স্থায়ীভাবে বিমানবন্দরের ঠিকানায় ‘ডিজেটি’ দেখা যাবে।

এদিকে, বিমানবন্দরে থাকা যাত্রীদের মধ্যে নাম পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এর বিরোধিতাও করেছেন।

কর্পোরেট পাইলট ক্রিস বেইলি নাম পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, “ট্রাম্প নিশ্চয়ই একটি বিমানবন্দরের নাম তার নামে রাখার মতো যথেষ্ট কাজ করেছেন।”