যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির অধিকাংশ এমপি তার প্রতি সমর্থন জানানোয় দলটির পরবর্তী প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনেই ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনের সমর্থন পেয়েছেন। লেবার দলের একমাত্র প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে তার মাত্র একটি ভোট প্রয়োজন।
বার্নহ্যাম ৩২৩টি মনোনয়ন নিশ্চিত করতে পারলে অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ৮১ জন এমপির সমর্থন পাওয়া সম্ভব হবে না।
লেবার পার্টির নেতৃত্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। সব কিছু ঠিক থকলে আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে বার্নহ্যামের নাম ঘোষণা করা হবে। এরপর ২০ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
লেবার দলের কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার তারা ভোট দিতে পারেননি। তবে আগামী সোমবার পার্লামেন্টে ফিরে তারা বার্নহ্যামের পক্ষেই সমর্থন দেবেন।
এদিকে, গত বুধবার রাতে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস ঘোষণা দেন, তিনি বার্নহ্যামের বিরুদ্ধে প্রার্থী হবেন না। এতে বার্নহ্যামের নেতৃত্বের পথ আরও সুগম হয়।
গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যামের জন্য এটি একটি অসাধারণ রাজনৈতিক উত্থান। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি মেকারফিল্ড আসনের উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে ফিরেছেন।
প্রসঙ্গত, গত মাসে লেবার নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। মে মাসে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের পর দলীয় এমপিদের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।