চীনের দুই শিক্ষক গণিতশাস্ত্রে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জয় করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদসংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।
চীনের গণিতবিদ হং ওয়াং ও ইউ দেং এবং যুক্তরাষ্ট্রের জন পারডন ও কানাডার জ্যাকন সিমারম্যান এই পুরস্কার পেয়েছেন। বিজয়ীদের প্রত্যেককে ১৫ হাজার কানাডিয়ান ডলার (১০,৫০০ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রে গণিতশাস্ত্রের নোবেল-খ্যাত এই ‘ফিল্ডস মেডেল’ দেওয়া হয়।
তারা দুজনই এমন দুটি গাণিতিক সমস্যার সমাধান করে এই গৌরব অর্জন করেছেন, যা দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে গণিতবিদদের গোলকধাঁধায় ফেলে রেখেছিল। এর মধ্যে ৩৫ বছর বয়সী ওয়াং—যিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করেন, এই সম্মান পাওয়া বিশ্বের তৃতীয় নারী।
হং ওয়াং তার সহকর্মী জশ জাহলের সঙ্গে মিলে ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকিয়ার তোলা একটি প্রশ্নের সমাধান করেছেন। প্রশ্নটি ছিল—একটি পেনসিলকে যদি পুরোপুরি ঘোরানো হয়, তবে এটি সবচেয়ে কম কতটুকু জায়গায় ঘুরতে পারবে? ওয়াং এবং জাহল বিষয়টি কেবল সমতলে নয়, বরং ত্রিমাত্রিক স্থানে বিবেচনা করে বিশ্লেষণ করেন। তাদের এই গবেষণাটি গত বছর প্রকাশিত হয়।
হং ওয়াং প্রধানত ‘হারমোনিক অ্যানালাইসিস’ নিয়ে কাজ করেন, যা তরঙ্গের গতিবিধি নিয়ে গবেষণা সংশ্লিষ্ট।
পুরস্কারজয়ী অন্য চীনা গণিতবিদ ৩৭ বছর বয়সী ইউ দেং শিকাগো বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তিনি ১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের উত্থাপন করা 'হিলবার্টের ষষ্ঠ সমস্যা'র সমাধান করেছেন। এই সমস্যার মূল বিষয় ছিল—আলাদা আলাদা কণার গতির ওপর ভিত্তি করে একটি সামগ্রিক বস্তুর আচরণ কীভাবে গণনা করা যায়। দেং গ্যাসের আচরণের ওপর ভিত্তি করে এই সমস্যার সমাধান বের করেছেন।
ইউ দেং বলেন, “আমি যেসব মহান গণিতবিদকে সারাজীবন শ্রদ্ধা করে এসেছি, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়াটা সত্যিই অনেক বড় সম্মানের।”
এদিকে, প্রথম চীনা বংশোদ্ভূত ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ শিং-তুং ইয়াউ বলেন, “চীনা গণিতবিদদের জন্য এটি এমন এক স্বপ্ন, যা বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অপেক্ষা করছিলাম।”
এই অর্জন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 'ফিল্ডস মেডেল' এবং 'ফিল্ডস মেডেলজয়ী প্রথম চীনা গণিতবিদ'—এই হ্যাশট্যাগগুলো উইবো থেকে শুরু করে রেডনোটের মতো বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে লাখ লাখ ভিউ পেয়েছে।
উইবোতে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটি চীনের সমস্ত নাগরিকের জন্য এক চরম গর্বের মুহূর্ত।” অন্য একজন লিখেছেন, “আমরা চোখের সামনে নতুন ইতিহাস তৈরি হতে দেখছি।”
প্রসঙ্গত, প্রতি চার বছর পর পর ৪০ বছরের কম বয়সের অসামান্য প্রতিভাবান গণিতবিদদের 'ফিল্ডস মেডেল' প্রদান করা হয়।